কলকাতা: ‘বিগ বস বাংলা’র ঘরে কে কার বন্ধু, আর কে বা কার প্রতিপক্ষ, তা যেন প্রতিনিয়ত বদলাচ্ছে। নন্দিনী দত্তের বিদায়ের পর একাধিক বিষয় ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। কখনও জীতু কমলের সঙ্গে সৃজলা গুহর ঘনিষ্ঠতা, আবার রাজবীর দের সঙ্গে অভিনেত্রীর সমীকরণ ঘিরে সরগরম ঘরের অন্দরমহল। সাম্প্রতিক পর্বে জীতু ও সৃজলার মধ্যে বচসা ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। আর এর মাঝেই সমাজমাধ্যমে নজর কেড়েছে শনের একটি ভিডিও।
কিছুদিন আগে সৃজলার প্রতি নিজের ভালোলাগার কথা প্রকাশ করেছিলেন জীতু। অভিনেত্রীর উদ্দেশে প্রেমপত্র লিখে মনের কথা প্রকাশও করেন তিনি। এমনকি সৃজলার জন্য নিজের চুল কেটে ফেলার ঘটনাও দর্শকদের নজর এড়ায়নি। যদিও জীতুর এই প্রস্তাবের কোনও স্পষ্ট জবাব দেননি সৃজলা। এরই মধ্যে রাজবীরের সঙ্গে সৃজলার ঘনিষ্ঠতা নতুন করে অস্বস্তিতে ফেলেছে জীতুকে।
ঠিক কী ঘটেছিল?
সম্প্রতি বিগ বসের ঘরে কেক খাওয়াকে কেন্দ্র করেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জীতুর কেকে ভাগ বসাতে একসঙ্গে এগিয়ে যান রাজবীর ও সৃজলা। তাঁদের মধ্যে কেক নিয়ে কাড়াকাড়ি হতেই মেজাজ হারান জীতু। সৃজলাকে উদ্দেশ্য করে তিনি বলেন, “যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। আর এখন তোমার সবাই আছে, পর হয়েছি আমি!” এরপরই দু’জনের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। এই দৃশ্য সামনে আসতেই দর্শকদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা।
অন্যদিকে, এই পরিস্থিতির মধ্যে চর্চায় উঠে এসেছে শনের একটি ভিডিও। হাঁটুর অস্ত্রোপচারের পর ক্রাচের সাহায্যে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন অভিনেতা। সম্প্রতি তাঁকে ক্রাচ হাতে জিমে প্রবেশ করতে দেখা যায়। নেপথ্যে বাজছিল ‘আই ওয়াক অ্যালোন’ গানটি। আর সেই ভিডিও ঘিরেই সমাজমাধ্যমে নানা প্রতিক্রিয়া শুরু হয়েছে। সৃজলার সঙ্গে শনের পুরনো সম্পর্কের কথা মাথায় রেখে অনেকে তাঁর প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন। যদিও এর আগে শন জানিয়েছিলেন, এটি একটি গেম শো। জীতু এবং সৃজলার সম্পর্ক ঘিরে কোনও মন্তব্য করেননি তিনি।
আরও পড়ুন: লকেট বিতর্কে করিনার পাশে তসলিমা, ধর্মের নামে হেনস্থায় সরব লেখিকা
Leave a comment