কলকাতা: বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা এবং আদালতের ভাবমূর্তি কালিমালিপ্ত করার অভিযোগে এবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফুঁসে উঠল কলকাতা হাইকোর্ট। সম্প্রতি কালীঘাটে নিজের বাসভবনের সামনে পুলিশি নজরদারি ও রেইকির অভিযোগ তুলে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছিলেন অভিষেক। সেই ভিডিওতে বিচারব্যবস্থা নিয়ে কিছু মন্তব্য করায় তাঁর বিরুদ্ধে সরাসরি ফৌজদারি আদালত অবমাননা বা ‘ক্রিমিনাল কনটেম্পট’ মামলা করার আবেদন জানায় রাজ্য সরকার। বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে এই মামলার শুনানি চলাকালীন আদালত এবং সাংসদের আইনজীবীর মধ্যে তীব্র বাদানুবাদ তৈরি হয়, যা নিয়ে এখন রাজ্যজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
এদিনের শুনানিতে সাংসদের নিরাপত্তা কমানো সংক্রান্ত মূল মামলাটির রায়দান স্থগিত রাখা হলেও এজলাসের পরিবেশ ছিল অত্যন্ত উত্তপ্ত। শুনানির সময় অভিষেকের আইনজীবী আদালতে সওয়াল করেন যে, সাধারণ মানুষের পক্ষ থেকে পুলিশ কোনো আইনি পদক্ষেপ না নেওয়ায় তাঁরা বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। কিন্তু সেখানেও নাকি মামলা পিছিয়ে দেওয়ার বহুমুখী চাপ রয়েছে। বিচারব্যবস্থার দিকে আঙুল তুলে আইনজীবীর পক্ষ থেকে এজলাসে দাবি করা হয়, শিল্পপতি আদানির মামলা এক দিনে শুনানি হতে পারলে, তাঁর মক্কেলের এই নিরাপত্তা সংক্রান্ত মামলাটি গত তিন মাস ধরে ঝুলে রয়েছে কেন? এমনকি বিচারপতিদের একটি অংশ ভারতীয় জনতা পার্টির কাছে বিক্রি হয়ে গিয়েছেন বলেও কটাক্ষ করেন তিনি। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই যে বর্তমান সাংসদের নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে, সেই অভিযোগও জোরেশোরে তোলা হয়।
আরও পড়ুন : দলের গোপন নথি বাঁচাতে সরাসরি নির্বাচন কমিশনের দ্বারস্থ অভিষেক
সাংসদের আইনজীবীর এই মন্তব্যের পরই চরম অসন্তোষ প্রকাশ করে বেঞ্চে অত্যন্ত কড়া ভাষায় প্রতিক্রিয়া দেন বিচারপতি কৃষ্ণা রাও। তিনি সাফ নির্দেশ দিয়ে অভিষেকের আইনজীবীকে বলেন, আপনার মক্কেলকে গিয়ে জিজ্ঞাসা করুন, দেশের কোন কোন বিচারপতি বিজেপির সঙ্গে রয়েছেন আর কারা তৃণমূলের লোক! তিনি তো নিজেকে অত্যন্ত বুদ্ধিমান মনে করেন, তাই তাঁকে বলুন এই বিষয়ে একটি পূর্ণাঙ্গ তালিকা আদালতে পেশ করতে, আমি নিজেই তা ভালো করে দেখে নেব। বিচারপতির এই কঠোর ও বেনজির পর্যবেক্ষণে মুহূর্তের মধ্যে স্তম্ভিত হয়ে পড়েন উপস্থিত সকলে।
রাজনৈতিক ময়দানের লড়াইয়ের জল যে খোদ দেশের বিচারব্যবস্থার অন্দরমহল পর্যন্ত গড়িয়েছে এবং তা নিয়ে যে আদালতও এখন যথেষ্ট কড়া অবস্থান নিয়েছে, হাইকোর্টের এদিনের এই ঘটনা সেটাই প্রমাণ করে দিল। নিরাপত্তা মামলায় রায়দান স্থগিত থাকলেও বিচারপতির এই মন্তব্যের জেরে আইনি ও রাজনৈতিক মহলে তীব্র শোরগোল শুরু হয়েছে।
Leave a comment