•
Home দেশ “সারা জীবনে এক পয়সাও উপার্জন না করে কীভাবে বিশ্বের ধনী মহিলা?” সনিয়াকে ‘ইটালির কোটিপতি বিধবা’ বলে কটাক্ষ কঙ্গনার
দেশবিনোদন

“সারা জীবনে এক পয়সাও উপার্জন না করে কীভাবে বিশ্বের ধনী মহিলা?” সনিয়াকে ‘ইটালির কোটিপতি বিধবা’ বলে কটাক্ষ কঙ্গনার

Share
হিডেন স্টোরিজ নিউজ
সোনিয়া গান্ধী এবং কঙ্গনা। ফাইল ছবি
Share

নয়াদিল্লি: কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর সদ্য প্রকাশিত আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’ প্রকাশের পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর শোরগোল। এই আবহেই সনিয়া গান্ধীকে সরাসরি কাঠগড়ায় তুলে বিস্ফোরক আক্রমণ শানালেন বিজেপি সাংসদ তথা বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সনিয়া গান্ধীর ইতালি থেকে ভারতে আগমন, গান্ধী পরিবারে প্রবেশ এবং পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ নিয়ে একের পর এক চাঞ্চল্যকর প্রশ্ন তুলেছেন তিনি। আর কঙ্গনার এই মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল বিতর্ক, যেখানে নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন বিজেপি সাংসদ।

ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা প্রশ্ন তোলেন, কীভাবে একজন রহস্যময় বিদেশি নাগরিক গান্ধী পরিবারে প্রবেশ করলেন? তাঁর দাবি, ইন্দিরা গান্ধীর খুন হওয়া, সঞ্জয় গান্ধীর আকস্মিক মৃত্যু এবং রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের মতো ঘটনার পর শেষ পর্যন্ত সিংহাসনের একমাত্র দাবিদার হিসেবে থেকে গেলেন সেই বিদেশি নাগরিক, সনিয়া গান্ধী। এতগুলি ঘটনাকে নিছক কাকতালীয় বলতে নারাজ কঙ্গনা। তাঁর আরও অভিযোগ, ওই বিদেশি মহিলা প্রকাশ্যেই বিদেশি স্বার্থের প্রচার করেছেন এবং সন্ত্রাসবাদীদের জন্য সহানুভূতি দেখিয়েছেন। তা সত্ত্বেও ২০১৪ সাল পর্যন্ত কীভাবে তিনি দশকের পর দশক ক্ষমতার কেন্দ্রে থেকে সরকার পরিচালনা করলেন, তা নিয়ে প্রশ্ন তোলেন অভিনেত্রী।

আরও পড়ুন: ইতিহাস বিকৃত করেছেন সনিয়া! আত্মজীবনী নিয়ে খোঁচা বিজেপির

সনিয়া গান্ধীর বিপুল সম্পত্তি নিয়েও খোদ সোশ্যাল মিডিয়ায় আক্রমণ শানিয়েছেন কঙ্গনা। তাঁর দাবি, সারা জীবনে কোনো দিন কোনো উপার্জন না করেও ১৯৯১ সালে কীভাবে তিনি বিশ্বের অন্যতম ধনী মহিলাদের তালিকায় উঠে এলেন? কঙ্গনার কটাক্ষ, সুইস ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুশো কোটি ডলারের বেশি অর্থ জমা থাকা এবং পরিবারের সদস্যদের একের পর এক মৃত্যুর পর হঠাৎ সহানুভূতি আদায় করা এক অসহায় ইটালীয় বিধবা কীভাবে কোটিপতি হয়ে উঠলেন, তার কোনো উত্তর সনিয়ার আত্মজীবনীতে নেই। মানেকা গান্ধীকে ইচ্ছাকৃতভাবে কোণঠাসা করার অভিযোগও তুলেছেন তিনি।

এদিকে কঙ্গনার এই আক্রমণাত্মক পোস্ট প্রকাশ্যে আসতেই তা নিয়ে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয় শুরু হয়েছে। ৮০ বছর বয়সি এক প্রবীণ মহিলাকে নিশানা করে এই ধরনের সস্তার রাজনীতি করার অভিযোগ তুলে কঙ্গনাকে একহাত নিয়েছেন বহু নেটিজেন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই কঙ্গনার মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলে কটাক্ষ করেছেন। কেউ লিখেছেন, উনি কি নিয়মিত কোনো নেশা করছেন, না কি মতিভ্রম হয়েছে? রাজনৈতিক বিরোধিতার সীমানা ছাড়িয়ে ব্যক্তিগত আক্রমণ করায় নেটপাড়ায় এখন চরম সমালোচনার মুখে পড়েছেন বিজেপি সাংসদ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *