কলকাতা: বেআইনিভাবে জমি দখল করে কোনও নির্মাণই বরদাস্ত করা হবে না। মন্দির হোক বা অন্য কোনও জায়গা, দখলদারদের বিরুদ্ধে কড়া অবস্থানের হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। সম্প্রতি কসবার টেগোর পার্কে একটি মন্দিরের জায়গা দখল করে গোডাউন সম্প্রসারণের অভিযোগ সামনে এসেছে। এই ভিত্তিতেই নিজের অবস্থান অবস্থান স্পষ্ট করেছেন তিনি। শুধু জমি দখলমুক্ত করার কথাই নয়, প্রয়োজনে বুলডোজার চালানোর পক্ষেও সওয়াল করেছেন দিলীপ ঘোষ।
কসবার টেগোর পার্কে একটি মন্দিরের জায়গা দখল করে গোডাউন তৈরি করেছে একটি নামী বিরিয়ানি সংস্থা। এই পরিপ্রেক্ষিতে দিলীপ বলেন, “এ ধরনের যা যা বেদখল হয়েছে, মন্দির হোক বা অন্য কিছু হোক। জমি দখল করে থাকলে তা মুক্ত হবে। অবশ্যই বুলডোজার চলা উচিত।” চলতি বছরের এপ্রিল-মে মাসে পার্ক স্ট্রিট এলাকার ওই সংস্থার একটি রেস্তরাঁয় অবৈধ নির্মাণের অভিযোগ সামনে আসে। সেই সময় কলকাতা পুরসভার তরফে বেআইনি অংশ ভেঙে দেওয়া হয়। এবার কসবার গোডাউন ঘিরে ওঠা অভিযোগের প্রেক্ষিতে বুলডোজার চালানোর হুঁশিয়ারি দিলেন দিলীপ।
অন্যদিকে, বৃহস্পতিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনের ফুটপাতে অভিযান চালানো হয়। বাড়ির সামনে থাকা অবৈধ অস্থায়ী নির্মাণ ভেঙে ফেলা হয়, সরিয়ে দেওয়া হয় গেট। পাশাপাশি কাছের একটি শহিদ বেদিও ভেঙে ফেলা হয়। এই প্রসঙ্গেও নিজের অবস্থান স্পষ্ট করেন দিলীপ। তিনি বলেন, “আমি তো বলব শুধু ভাইপো নয়, ফুটপাত দখল করলেই এটা হওয়া উচিত। কলকাতায় এমনিতে যা রাস্তা কম, জায়গা কম, হাঁটার জায়গা নেই। গাড়ি বেশি। তাই সব মুক্ত হওয়া উচিত। আর এই পদক্ষেপ প্রভাবশালীদের থেকেই শুরু হচ্ছে। এর আগে একজন খুব প্রভাবশালী বিধায়কের অফিসে বুলডোজার চলেছিল।”
আরও পড়ুন: কোন কোন বিচারপতি কার লোক? অভিষেককে তালিকা দেওয়ার নির্দেশ হাইকোর্টের
Leave a comment