কলকাতা: নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপ এড়িয়ে এবার খোদ কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়ল একটি পথকুকুর! আর সেই কুকুরের জেরেই বুধবার বড়সড় দুর্ঘটনার মুখে পড়তে গিয়েও শেষ পর্যন্ত রক্ষা পেল দুটি যাত্রিবাহী বিমান। এক পাইলটের তীক্ষ্ণ নজর এবং এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (এটিসি) তৎপরতায় এদিন প্রাণে বাঁচলেন শত শত যাত্রী। ঘটনাকে কেন্দ্র করে গোটা বিমানবন্দর চত্বরে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, বুধবার কলকাতা থেকে রাঁচিগামী ইন্ডিগোর একটি বিমান আকাশে ওড়ার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিল। বিমানটি রানওয়েতে পৌঁছনোর পর টেক-অফের ঠিক আগের মুহূর্তে পাইলটের নজরে আসে, রানওয়ের ওপরেই নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে একটি পথকুকুর। আসন্ন বিপদের আঁচ পেয়ে এক মুহূর্ত সময় নষ্ট না করে পাইলট সঙ্গে সঙ্গে বিষয়টি কলকাতা এয়ার ট্র্যাফিক কন্ট্রোলকে জানান।
ঠিক সেই সময়েই চেন্নাই থেকে ইন্ডিগোর আরও একটি বিমান কলকাতায় অবতরণের একদম দোরগোড়ায় চলে এসেছিল। রানওয়েতে কুকুর ঢুকে পড়ার খবর পাওয়া মাত্রই এটিসি-র আধিকারিকরা চরম তৎপরতা দেখান এবং বিমানবন্দরে রেড অ্যালার্ট জারি করেন। ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কায় চেন্নাই থেকে আসা বিমানটিকে কলকাতায় অবতরণের অনুমতি না দিয়ে তৎক্ষণাৎ বিকল্প পথে ঘুরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এটিসি-র জরুরি নির্দেশ পেয়েই বিমানটি দিক পরিবর্তন করে নিরাপদে দুর্গাপুরের অণ্ডাল বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয় এবং সেখানেই সুরক্ষিতভাবে অবতরণ করে।
আরও পড়ুন : উড়ান রুখতে বিমানেই ‘হাইজ্যাক’ আতঙ্ক ছড়ালেন সোদপুরের প্রৌঢ়
পাইলটের উপস্থিত বুদ্ধি এবং এটিসি-র দ্রুত সিদ্ধান্তের ফলে দুটি বিমানের যাত্রীরা এদিন সুরক্ষিত থাকলেও, এই ঘটনায় কলকাতা বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে। রানওয়ের মতো অত্যন্ত সংবেদনশীল এবং কড়া নজরদারিতে থাকা একটি এলাকায় কীভাবে একটি কুকুর ঢুকে পড়ল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, বুধবার সকাল থেকেই একাধিক নাটকীয় ঘটনার সাক্ষী থেকেছে কলকাতা বিমানবন্দর। এদিন সকালেই এয়ার ইন্ডিয়ার একটি বিমানে হাইজ্যাকের ভুয়ো হুমকিবার্তা ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়ায়। ক্যানসার আক্রান্ত স্ত্রীকে ছেড়ে অফিসের কাজে জোর করে আফ্রিকায় যাওয়া আটকাতেই সোদপুরের এক যাত্রী ওই কাণ্ড ঘটিয়েছিলেন, যাঁকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। দিনের শুরুতে হাইজ্যাক আতঙ্ক আর তারপর রানওয়েতে কুকুর—সব মিলিয়ে দিনভর উত্তেজনার পারদ তুঙ্গে ছিল বিমানবন্দরে।
Leave a comment