অকল্যান্ড: ক্রিকেট পারে। ফুটবল পারে না।
ভারতে এই বিতর্ক চলছে। এমনকী চলবে। নিউজিল্য়ান্ডের মাটিতে সাদা বলের ক্রিকেটে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ভারত। একদিনের সিরিজও হারছে না। কিন্তু সেই মাটিতেই ফিফা ফ্রেন্ডলি খেলতে গিয়ে প্রথম ম্যাচেই এ দেশের ফুটবলের কঙ্কালসার চেহারাটা ফের বেরিয়ে এল। গত একমাসে একটা পানামা ম্যাচ বাদ দিলে ব্রাজিল ও উরুগুয়ে এসে কলকাতায় ভারতীয় ফুটবলকে ১১ গোল দিয়ে গিয়েছিল। সেই স্মৃতি নিয়ে এবার নিউজিল্যান্ডে খালিদ জামিলের দল। নব্বই মিনিট পর প্রথম ম্যাচে পাঁচ গোল খেয়ে মাঠ ছাড়লেন রায়ান উইলিয়ামসরা।
ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের চেয়ে অন্তত ৫০ ধাপ এগিয়ে থাকা নিউজিল্যান্ড দল গত বিশ্বকাপের মূলপর্বেও খেলেছে। নটিংহ্যাম ফরেস্টের তারকা স্ট্রাইকার তথা দলনেতা ক্রিস উড ছাড়াও এই দলে গত বিশ্বকাপে খেলা টেলর বিন্ডন, ক্যালন এলিয়ট, ফ্রান্সিস দ্য ব্রিস, জেসি র্যান্ডালের মতো অভিজ্ঞ এবং ইউরোপীয় ফুটবলের অভিজ্ঞতা সম্পন্ন ফুটবলাররা ছিলেন।
তারকাখচিত এই প্রতিপক্ষের সামনে শুরু থেকেই ভারতের রক্ষণভাগের ভুলে ভরা ও দিশেহারা রূপটি স্পষ্ট হয়ে ওঠে। ম্যাচের বয়স তখন মাত্র ৫ মিনিট। রক্ষণের মারাত্মক ভুলে প্রথম গোল হজম করে ভারত। ডান দিক থেকে র্যান্ডালের কাটব্যাক ক্লিয়ার করতে গিয়ে সতীর্থ বিজয় ভার্গিসের গায়ে বল লাগিয়ে ফেলেন পরমবীর। দিক পরিবর্তন করে সেই বল জালে জড়িয়ে যায়। বিশাল কাইথ বল বাঁচানোর চেষ্টা করলেও আত্মঘাতী গোলের খেসারত এড়াতে পারেনি দল।
আরও পড়ুন : মলদ্বীপকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারত
প্রাথমিক ধাক্কা সামলে ম্যাচে ফেরার কোনও লক্ষণই দেখা যায়নি খালিদের ছেলেদের পায়ে। উল্টে মুহুর্মুহু আক্রমণে ভারতের রক্ষণকে ছিন্নভিন্ন করে দেয় কিউইরা। প্রথম ২০ মিনিটেই ভারতের গোল লক্ষ্য করে অন্তত পাঁচটি শট নেয় তারা। বিশেষ করে বাঁ প্রান্ত থেকে গতি ও স্কিলের পসরা সাজিয়ে বারবার ভারতের বক্সে ত্রাস সৃষ্টি করেন জেসি র্যান্ডাল।
৩৫ মিনিটের মাথায় গ্যারবেটের পাস থেকে গতি বাড়িয়ে ভারতের বক্সে ঢুকে পড়েন র্যান্ডাল। বিজয় ভার্গিসকে কাটিয়ে তাঁর নেওয়া শট ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে সরাসরি জালে জড়ায়। এর ঠিক পরেই প্রথমার্ধের শেষ মুহূর্তে, ৪৩ মিনিটে ডি ভ্রিসের কাটব্যাক ক্লিয়ার করতে গিয়ে ফের ব্যর্থ হন পরমবীর। ফাঁকায় বল পেয়ে ডান পায়ের নিখুঁত ও বাঁক খাওয়ানো শটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করে বিরতিতে যান র্যান্ডাল। প্রথমার্ধেই ৩-০ গোলে পিছিয়ে পড়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় ভারত।
দ্বিতীয়ার্ধের শুরুতেও খেলার ছবির কোনো বদল হয়নি। ৫১ মিনিটে লিস্টন কোলাসো প্রথমবার গোল লক্ষ্য করে শট নিলেও তা থেকে সাফল্যের দেখা মেলেনি। উল্টে ৫৭ মিনিটে এলিয়টের নিখুঁত ক্রসে হেডের মাধ্যমে গোল করে ব্যবধান ৪-০ করেন তারকা স্ট্রাইকার ক্রিস উড।
ম্যাচের ৬৩ মিনিটে গিলিয়নের শট বারে লেগে প্রতিহত হওয়ায় যাত্ররক্ষা হয় ভারতের। কিন্তু ৭৪ মিনিটে লিয়াম গিলিয়নের ক্রস থেকে বক্সের ভেতর সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় দুর্দান্ত হাফ-ভলিতে দলের পঞ্চম গোলটি করেন বেইলিস। এর তিন মিনিট পরেই, ৭৭ মিনিটে বক্সের মধ্যে আকাশ মিশ্র হ্যান্ডবল করলে পেনাল্টি পায় নিউজিল্যান্ড। টুইলোমার জোরালো শট ডান দিকে শরীর ছুঁড়ে অসাধারণ দক্ষতায় আটকে দেন বিশাল কাইথ। শুধু তাই নয়, ফিরতি শটেও তিনি জাল অক্ষত রাখেন।
গোটা ম্যাচে বিশাল কাইথ অন্তত হাফ ডজন নিশ্চিত গোল বাঁচিয়ে দলের মান রক্ষা করেছেন। তিনি প্রাচীর হয়ে না দাঁড়ালে হার ৭ বা ৮ গোলের লজ্জায় রূপ নিতে পারত। কিন্তু রক্ষণের চরম সমন্বয়হীনতা, ভুল পাস এবং মাঝমাঠের নিস্পৃহ পারফরম্যান্সের জেরে শেষ পর্যন্ত ৫ গোলের মাশুল গুনেই মাঠ ছাড়তে হলো রায়ান উইলিয়ামস, মনবীর সিংদের। ব্রাজিলের বিরুদ্ধে আত্মবিশ্বাসী যে ভারত মাঠ ছেড়েছিল, অকল্যান্ডের আকাশে সেই ব্লু টাইগার্সদের খুঁজে পাওয়া গেল না একবিন্দুও।
Leave a comment