শ্রীনগর: প্রায় এক বছর পর জম্মু ও কাশ্মীরের উপত্যকায় ফের সরাসরি নিরাপত্তাবাহিনীকে নিশানা করে রক্তক্ষয়ী হামলা। দক্ষিণ কাশ্মীরের কুলগামে সিআরপিএফ-এর একটি চৌকিতে অতর্কিত গুলি চালিয়ে তিন জওয়ানকে জখম করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
এই হামলার দায় স্বীকার করেছে ‘পাসদরান-ই-হুরিয়ত কাশ্মীর’ নামে একটি অচেনা জঙ্গি সংগঠন। ভারত সরকারকে ‘হিন্দুত্ব রেজিম’ আখ্যা দিয়ে রীতিমতো যুদ্ধের হুঁশিয়ারিও দিয়েছে ওই সংগঠনটি। অন্য দিকে, এই নাশকতার নেপথ্যে নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-ত্যায়বার সক্রিয় সদস্য তথা দক্ষিণ কাশ্মীরের ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গি মহম্মদ লতিফ ভাটের হাত রয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছেন তদন্তকারীরা।
পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, গত বুধবার দুপুরে বাইকে চেপে দুই জঙ্গি কুলগামের ওই সিআরপিএফ চৌকির সামনে এসে হাজির হয়। নাকা তল্লাশি চলাকালীন আচমকাই নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা।
প্রত্যক্ষদর্শীদের বয়ান ও সিসিটিভি ফুটেজের প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী, হামলার প্রথম ১৫ সেকেন্ডেই প্রায় ৩০ রাউন্ড এবং পরবর্তী এক মিনিটে আরও অন্তত ১২ রাউন্ড গুলি চালানো হয়। এই আকস্মিক হামলায় পশ্চিমবঙ্গের জওয়ান শান্তনু চন্দ্র, অসমের রাকেশ দাস এবং মধ্যপ্রদেশের সোমবীর সিং গুরুতর জখম হন।
বিশেষ করে বাঙালি জওয়ান শান্তনুর কোমর ও মেরুদণ্ডে গুলি লাগায় তাঁর অবস্থা যথেষ্ট সংকটজনক। জওয়ানদের পালটা প্রতিরোধের মুখে পড়ে হামলাকারীরা বাইক নিয়ে চম্পট দেয়। ঘটনার পর থেকেই কুলগামসহ দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ, সেনা ও সিআরপিএফের যৌথ বাহিনী।
হামলার পরেই মধ্যরাতে ‘পাসদরান-ই-হুরিয়ত কাশ্মীর’ নামের একটি অচেনা সংগঠন বিবৃতি দিয়ে এই নাশকতার দায় স্বীকার করে। বিবৃতিতে জম্মু-কাশ্মীরকে ‘ভারতীয় দখলদারি’ বলে দাবি করার পাশাপাশি উপত্যকার বর্তমান শান্তির পরিবেশকে ‘কৃত্রিম’ বলে কটাক্ষ করা হয়েছে।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ছত্রছায়ায় ভারত সরকার ‘হিন্দুত্ব রেজিম’ চালাচ্ছে অভিযোগ তুলে সংঘের বিরুদ্ধে জেহাদি হামলারও প্রচ্ছন্ন হুমকি দিয়েছে তারা। বিবৃতিতে সংগঠনের মুখপাত্র হিসাবে মহম্মদ ওমর আজমের নাম উল্লেখ করা হলেও, এই নতুন গোষ্ঠীটির আসল অস্তিত্ব বা অন্য পুরনো জঙ্গি সংগঠনগুলির সঙ্গে তাদের কোনও গোপন যোগাযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। এটি নিছকই নতুন নাম নেওয়া কোনও ছায়া-গোষ্ঠী কি না, তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ।
আরও পড়ুন: কিস্তওয়ারের দুর্গম জঙ্গলে জঙ্গি হামলা, উদ্ধার দুই স্পেশাল অফিসারের দেহ
এই তদন্তের মধ্যেই সবচেয়ে বেশি করে উঠে আসছে লস্কর-ই-ত্যায়বার স্থানীয় কমান্ডার তথা মোস্ট ওয়ান্টেড জঙ্গি মহম্মদ লতিফ ভাটের নাম। কুলগামের খেব্রান চাডর এলাকার নয়ি বস্তির বাসিন্দা লতিফ পেশায় কাঠের মিস্ত্রি হলেও ২০২৫ সালের ১৯ নভেম্বর হঠাৎ নিখোঁজ হওয়ার পর থেকেই গোয়েন্দাদের নজরে আসে। পরিবারের নিখোঁজ ডায়েরির পর খোঁজ মেলে যে সে লস্করের ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ বা টিআরএফে যোগ দিয়েছে।
দক্ষিণ কাশ্মীরে লস্করের স্থানীয় স্লিপার সেল তৈরি, নেটওয়ার্ক পরিচালনা এবং পরিযায়ী শ্রমিক ও অ-কাশ্মীরিদের বেছে বেছে হত্যার মতো একাধিক নাশকতার নেপথ্যে লতিফের হাত থাকার অভিযোগ রয়েছে। এর আগে গত ২২ জুলাই লাল চকে কনস্টেবল হত্যা এবং ৩১ জুলাই কুলগামে পরিযায়ী শ্রমিক খুনের মামলায় তাঁর নাম জড়িয়েছিল। এমনকি, শোপিয়ানে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে অল্পের জন্য রক্ষা পেলেও সম্প্রতি শ্রীনগরের বিভিন্ন দেওয়ালে লতিফ সহ চার মোস্ট ওয়ান্টেড লস্কর জঙ্গির ছবি দিয়ে পোস্টার সাঁটিয়েছিল পুলিশ। কুলগামের এই পলাতক জঙ্গির সন্ধান দিতে পারলে ১৫ লক্ষ টাকা পুরস্কারের ঘোষণাও করা হয়েছে।
সব মিলিয়ে, কুলগামের এই হামলা কেবল তিন জওয়ানের ওপর আক্রমণেই সীমাবদ্ধ নেই; বরং এর পেছনে অচেনা জঙ্গি সংগঠনের আত্মপ্রকাশ এবং লস্করের স্থানীয় স্লিপার সেলের সক্রিয়তা উপত্যকার নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে ভাবিয়ে তুলেছে। হামলার নেপথ্যে থাকা চক্রকে সম্পূর্ণ ভাঙতে এবং মূল অভিযুক্তদের পাকড়াও করতে স্বরাষ্ট্র মন্ত্রকের উচ্চপর্যায়ের বৈঠকের পর উপত্যকায় নিরাপত্তা চরম মাত্রায় বাড়ানো হয়েছে।
Leave a comment