•
Home Top-News ট্রলি ঘিরে তোলপাড় মিলন মোড়! শেষে মিলল জামা আর পাসবই
Top-Newsপশ্চিমবঙ্গ

ট্রলি ঘিরে তোলপাড় মিলন মোড়! শেষে মিলল জামা আর পাসবই

Share
এই সেই ট্রলি। শিলিগুড়িতে নিজস্ব ছবি
Share

শিলিগুড়ি: জনবহুল এলাকায় রাস্তার ধারে পড়ে থাকা একটি পরিত্যক্ত ট্রলি ব্যাগ ঘিরে বৃহস্পতিবার সকালে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়াল শিলিগুড়ির মিলন মোড় সংলগ্ন কড়াইবাড়ি এলাকায়। এলাকার একটি বিএড কলেজের সামনে দীর্ঘক্ষণ ধরে ব্যাগটি পড়ে থাকতে দেখে বড় ধরনের বিপদের আশঙ্কা করেছিলেন স্থানীয় বাসিন্দারা। 

খবর পেয়ে প্রধাননগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। ব্যাগ খোলার পর ভেতরে কোনও সন্দেহজনক বস্তু বা বিস্ফোরক না মেলায় মিলল স্বস্তি। তবে কে বা কারা ওই ব্যাগটি সেখানে ফেলে গেল এবং তার আসল উদ্দেশ্য কী ছিল, তা নিয়ে দানা বেঁধেছে গভীর রহস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর থেকেই মিলন মোড় এলাকার ওই বিএড কলেজের সামনে রাস্তার ধারে একটি লাল রঙের ট্রলি ব্যাগটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সকাল গড়ালেও যখন কেউ ব্যাগের দাবিদার হয়ে সেখানে আসেননি, তখন থেকেই স্থানীয়দের মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করে। বর্তমান নিরাপত্তার কথা মাথায় রেখে বড় কোনো বিপদের আশঙ্কায় সকাল আনুমানিক ছ’টা নাগাদ প্রধাননগর থানায় খবর পাঠানো হয়।

আরও পড়ুন : বিসর্জনের আনন্দ বদলে গেল বিষাদে! পুরনো জমি বিবাদের জেরে দুর্গাপুরে নৃশংসভাবে খুন বিজেপি নেতা, গ্রেফতার ২

খবর পাওয়ার পর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সকাল ৯টা ২৫ মিনিট নাগাদ ঘটনাস্থলে পৌঁছয় প্রধাননগর থানার পুলিশ বাহিনী। সমস্ত সতর্কতা অবলম্বন করে ব্যাগটি পরীক্ষা করা হয়। এরপর পুলিশি নিরাপত্তায় সকলের উপস্থিতিতে ব্যাগটি খোলা হলে ভেতরে মেলে কিছু সাধারণ জামাকাপড় এবং একটি ব্যাংকের পাসবই। তল্লাশিতে কোনো ধরনের বিস্ফোরক বা আপত্তিকর সামগ্রী না মেলায় হাঁপ ছেড়ে বাঁচেন এলাকাবাসী। পুলিশের পক্ষ থেকেও জানানো হয়েছে, প্রাথমিকভাবে ভয়ের কোনো কারণ নেই।

যদিও তল্লাশির পর আতঙ্ক কেটে গেলেও এই ঘটনাকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। কার বা কাদের ব্যাগ? কেনই বা দিনের পর দিন বা সকালের ব্যস্ত সময়ে এভাবে রাস্তার ধারে একটি ট্রলি ব্যাগ ফেলে রেখে যাওয়া হলো? 

ব্যাগের ভেতর থাকা ব্যাংকের পাসবইয়ের সূত্র ধরে মালিকের আসল পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। পাশাপাশি আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কে বা কারা এই ব্যাগ রেখে গেছে, তা শনাক্ত করার কাজও শুরু হয়েছে। এক টুকরো পরিত্যক্ত ব্যাগ ঘিরে কয়েক ঘণ্টার চরম উদ্বেগের পর আপাতত পরিস্থিতি স্বাভাবিক হলেও, এর নেপথ্যের প্রকৃত কারণ নিয়ে শিলিগুড়ির কড়াইবাড়ি এলাকায় কৌতূহল ও জল্পনা অব্যাহত রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *