•
Home বিশ্ব বিশ্বজুড়ে মাইক্রোসফ্‌টে ব্যাপক বিভ্রাট, অচল আউটলুক ও টিম্স! ইমেল পাঠানো বন্ধ হতেই চরম বিপাকে ব্যবহারকারীরা
বিশ্বদেশ

বিশ্বজুড়ে মাইক্রোসফ্‌টে ব্যাপক বিভ্রাট, অচল আউটলুক ও টিম্স! ইমেল পাঠানো বন্ধ হতেই চরম বিপাকে ব্যবহারকারীরা

Share
হিডেন স্টোরিজ নিউজ
মাইক্রোসফ্‌টে বিভ্রাট
Share

নিউ ইয়র্ক: বিশ্বজুড়ে ভয়াবহ প্রযুক্তিগত বিভ্রাটের কবলে পড়ল আমেরিকার তথ্যপ্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফ্ট। হঠাৎ করেই আউটলুক, মাইক্রোসফ্ট ৩৬৫, টিম্স এবং এআই অ্যাসিস্ট্যান্ট কোপাইলটের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিষেবাগুলি অচল হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে লক্ষ লক্ষ ব্যবহারকারী চরম বিপাকে পড়েছেন। বিভ্রাট শনাক্তকারী ওয়েবসাইট ‘ডাউনডিটেক্টর’-এর তথ্য অনুযায়ী, ভারতীয় সময় রাত সাড়ে ১১টার পর পরই প্রায় ১ লক্ষ ৩০ হাজার ব্যবহারকারী আউটলুক ব্যবহার করতে গিয়ে বড়সড় সমস্যার মুখে পড়েন। হাজার হাজার মানুষ জানিয়েছেন, তাঁরা ইনবক্স লোড করতে পারছেন না এবং কাউকেই কোনো ইমেল পাঠাতে বা গ্রহণ করতে পারছেন না। কর্মক্ষেত্র সংক্রান্ত মেসেজিং অ্যাপ টিম্স এবং সামগ্রিক মাইক্রোসফ্ট ৩৬৫ পরিষেবা মুখ থুবড়ে পড়ায় অফিসিয়াল কাজকর্ম ব্যাহত হয়েছে।

পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত সমস্যার কথা স্বীকার করে নিয়েছে মাইক্রোসফ্ট কর্তৃপক্ষ। সংস্থার তরফে জানানো হয়েছে, তারা এই হঠাৎ বিভ্রাটের আসল কারণ খতিয়ে দেখছে এবং বিশেষ করে ইমেল ও টিম্স অ্যাপ্লিকেশনের ত্রুটি দূর করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ সংস্থার অফিসিয়াল ‘মাইক্রোসফ্ট ৩৬৫ স্ট্যাটাস’ অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে যে, সমস্যার প্রভাব দ্রুত কমাতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, স্বয়ংক্রিয় পরীক্ষার সময় ঘটা একটি ত্রুটির কারণেই বেশ কিছু সার্ভার অপ্রত্যাশিতভাবে অকার্যকর হয়ে পড়েছিল, যার ফলে কোম্পানির আইটি পরিকাঠামোয় অতিরিক্ত চাপ তৈরি হয়। যদিও আমেরিকার বিভিন্ন অঞ্চলে ব্যবহারকারীরা মেলবক্স অ্যাক্সেস করতে গিয়ে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয়েছেন।

আরও পড়ুন : হোয়াইট হাউসের কাছে রক্তক্ষয়ী তাণ্ডব

এর আগে দিনের শুরুতে উত্তর আমেরিকায় টিম্স-এর সমস্যা সমাধানের দাবি করেছিল মাইক্রোসফ্ট। কিন্তু পরবর্তীতে দেখা যায়, সেই সমস্যাগুলি পুরোপুরি দূর হয়নি এবং গৃহীত পদক্ষেপগুলিও প্রত্যাশিতভাবে কাজ করছে না। বিশ্বজুড়ে দাপ্তরিক ও পেশাদার যোগাযোগ মাধ্যমগুলি এভাবে হঠাৎ অচল হয়ে যাওয়ায় সাইবার সুরক্ষা এবং প্রযুক্তিগত পরিকাঠামোর স্থায়িত্ব নিয়ে ফের একবার বড়োসড়ো প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞরা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত কাজ চালিয়ে যাচ্ছেন, তবে পরিষেবা পুরোপুরি সচল হতে ঠিক কত সময় লাগবে, সে বিষয়ে সংস্থার পক্ষ থেকে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *