কলকাতা: ফের বিনোদন জগতে শোকের ছায়া। প্রয়াত হলেন অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের জীবনসঙ্গী। বৃহস্পতিবার, ১২ নভেম্বর প্রয়াত হয়েছেন প্রযোজক ও সুরকার জয়ন্ত মুখোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। সূত্রের খবর, অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী হেমন্ত কুমারের পুত্র। ধনতেরাসের দিন বাড়ি ফেরেন। তবে ফুসফুসের সংক্রমণ গভীর ছিল। তাঁর প্রয়াণে চলচ্চিত্র ও সঙ্গীতজগতে শোকের ছায়া নেমে এসেছে।
ফুসফুসের সংক্রমণের সঙ্গে টাইফয়েডও ধরা পড়েছিল জয়ন্ত মুখোপাধ্যায়ের। ওই অবস্থাতেই পরিবারের সঙ্গে দীপাবলি উদযাপন করেন। কিন্তু সপ্তাহ ঘুরতেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বরাবরই প্রচারের আলো থেকে দূরে থাকতে পছন্দ করতেন তিনি। চলচ্চিত্র ও টেলিভিশনের দুনিয়ায় প্রযোজক হিসেবেও কাজ করেছেন জয়ন্ত। তাঁর উল্লেখযোগ্য কাজের তালিকায় রয়েছে ১৯৭৫ সালের ছবি ‘মজাক’ এবং ১৯৭৯ সালের ‘দো লড়কে দোনো কড়কে’। নয়ের দশকের টেলিভিশন ধারাবাহিক ‘তালাশ’-এর সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।
আরও পড়ুন: অনিরুদ্ধ-কাব্যের প্রীতিভোজে তারকার মেলা! মোদী-শাহরুখ-রজনীকান্ত, আমন্ত্রিত কারা?
অন্যদিকে, জয়ন্তের সঙ্গে মৌসুমী দাম্পত্যের সম্পর্ক পাঁচ দশকেরও বেশি। তাঁদের সম্পর্কের শুরুটাও ছিল বেশ অন্যরকম। চলতি বছরেই এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, দশম শ্রেণিতে পড়ার সময়ই তাঁর বাগদান ঠিক হয়েছিল। এর কিছুদিন পরেই বিয়ে হয়ে যায়। তারপর তাঁরা মুম্বইয়ে সংসার পাতেন। সংসার সামলানোর পাশাপাশি অভিনয়জগতে নিজের জায়গা তৈরি করেছেন মৌসুমী।
মৌসুমি এবং জয়ন্তর দুই মেয়ে মেঘা ও পায়েল। তবে ২০১৯ সালের ডিসেম্বরে মাত্র ৪৫ বছর বয়সে ছোট মেয়ে পায়েলের মৃত্যু হয়। মেয়ের শোকে ভেঙে পড়েন দম্পতি। সেই যন্ত্রণা সামলে ওঠার পর এবার জীবনসঙ্গীকেও হারালেন অভিনেত্রী। দীর্ঘদিনের সঙ্গীর প্রয়াণে মৌসুমীর জীবনে নেমে এল আরও এক শোকের অধ্যায়।
Leave a comment