•
Home Top-News ‘নতুন শুরুর জন্য কিছু অধ্যায় শেষ হওয়া জরুরি’, মাহির আইপিএল অবসরে আবেগঘন বার্তা সাক্ষীর!
Top-Newsখেলা

‘নতুন শুরুর জন্য কিছু অধ্যায় শেষ হওয়া জরুরি’, মাহির আইপিএল অবসরে আবেগঘন বার্তা সাক্ষীর!

Share
মাহি ও সাক্ষী।
Share

মুম্বই: অবশেষে সমাপ্তি ঘটল এক বর্ণময় এবং অবিস্মরণীয় যুগের। 

মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের (সিএসকে) তরফে মহেন্দ্র সিং ধোনিকে দলের নতুন ‘টিম মেন্টর’ হিসেবে ঘোষণা করার সঙ্গে সঙ্গেই চূড়ান্ত যবনিকা পড়ল তাঁর ১৯ বছরের আইপিএল খেলোয়াড়-জীবনে। হলুদ জার্সিতে আর ব্যাট-গ্লাভস হাতে বাইশ গজে নামবেন না ৪৫ বছর বয়সি প্রাক্তন ভারত অধিনায়ক। এই সত্য মেনে নিতে যখন কোটি কোটি ভক্তের বুক ভারী হয়ে আসছে, ঠিক তখনই সমাজমাধ্যমে এক আবেগঘন ও হৃদয়স্পর্শী বার্তা দিলেন ধোনির স্ত্রী সাক্ষী সিং ধোনি। ভক্তদের অকুণ্ঠ ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি, স্বামীর জীবনের এই নতুন অধ্যায়কে স্বাগত জানিয়েছেন তিনি।

মঙ্গলবার ইনস্টাগ্রামে পাহাড়ের মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে থাকা ধোনির একটি ছবি পোস্ট করেন সাক্ষী। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “সুন্দর নতুন কিছু শুরু করার জন্য কিছু অধ্যায়ের শেষ হওয়া জরুরি। বছরের পর বছর ধরে যাঁরা মাহিকে ভালোবেসেছেন, সমর্থন করেছেন এবং ওঁর উপর বিশ্বাস রেখেছেন, আমরা আপনাদের ব্যক্তিগত ভাবে চিনি বা না চিনি, আমাদের অন্তরের অন্তস্তল থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এই অফুরন্ত ভালোবাসার জন্য আমরা চিরকৃতজ্ঞ থাকব।” এখানেই না থেমে ধোনির নতুন ইনিংসের জন্য শুভেচ্ছা জানিয়ে সাক্ষী আরও লিখেছেন, “নতুন শুরু, নতুন রোমাঞ্চ এবং আরও অনেক সুন্দর স্মৃতির উদ্দেশ্যে পাড়ি দেওয়া যাক। তোমার জন্য ভীষণ গর্বিত, মাহি। সব সময়।”

আরও পড়ুন : ছ’বছর পর সেই একই সুর! ইনস্টাগ্রামে আইপিএলকেও চিরবিদায় জানালেন ধোনি

সাক্ষীর এই পোস্ট মুহূর্তের মধ্যে সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভক্ত থেকে শুরু করে প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারেরা সকলেই আবেগে ভাসেন ওই বার্তায়। কারণ, ২০০৮ সালে আইপিএলের জন্মলগ্ন থেকে শুরু হওয়া ধোনির এই দীর্ঘ যাত্রায় ছায়াসঙ্গী হয়ে থেকেছেন সাক্ষী। চিপকের গ্যালারিতে বসে দলকে উৎসাহ দেওয়া থেকে শুরু করে ট্রফি জয়ের উচ্ছ্বাস কিংবা কঠিন সময়ে পাশে থাকা সবেতেই সাক্ষীর উপস্থিতি ছিল নজরকাড়া।

উল্লেখ্য, ২০০৮ সাল থেকে আইপিএলের ১৯ বছরের ইতিহাসে চেন্নাই সুপার কিংসের হয়ে ১৬টি মরসুম খেলেছেন ধোনি (মাঝে দু’বছর চেন্নাই নির্বাসিত থাকায় রাইজিং পুণে সুপারজায়ান্টের হয়ে খেলেন)। তাঁর ক্ষুরধার নেতৃত্ব, অবিশ্বাস্য ফিনিশিং দক্ষতা এবং উইকেটের পিছনে বিদ্যুৎগতির ক্ষিপ্রতা সিএসকে-কে আইপিএলের ইতিহাসে অন্যতম সফল দলে পরিণত করেছে। ধোনির অধিনায়কত্বেই ২০১০, ২০১১, ২০১৮, ২০২১ এবং ২০২৩ মোট পাঁচ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই।

খেলোয়াড় হিসেবে বিদায় নিলেও চেন্নাইয়ের সঙ্গে ধোনির আত্মিক সম্পর্ক অটুটই থাকছে। আগামী ২০২৭ আইপিএল মরশুম থেকে সিএসকে-র ডাগআউটে ‘মেন্টর’ হিসেবে দেখা যাবে তাঁকে। চেন্নাইয়ের তরুণ প্রজন্মের ক্রিকেটারদের গড়ে তোলা এবং কৌশলগত পরামর্শ দেওয়ার গুরুদায়িত্ব সামলাবেন ‘থালা’। 

সাক্ষীর কথায়, পুরনো অধ্যায়ের সমাপ্তি ঘটলেও ধোনির জীবনে শুরু হতে চলেছে আরও এক সুন্দর ও রোমাঞ্চকর নতুন অধ্যায়, যেখানে তিনি নতুন ভূমিকায় ফের চেন্নাই শিবিরকে সাফল্যের শিখরে পৌঁছে দেওয়ার লড়াইয়ে নামবেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *