•
Home বিনোদন করণের ধর্মা প্রোডাকশনে উইলিয়াম-কেট, নজর কাড়ল করিনার সাজও!
বিনোদন

করণের ধর্মা প্রোডাকশনে উইলিয়াম-কেট, নজর কাড়ল করিনার সাজও!

Share
Hidden Stories News
বলিউডে মজলেন উইলিয়াম-কেট! ছবি: সংগৃহীত
Share

মুম্বই: ‘বোলে চুড়িয়াঁ’, ‘শাভা শাভা’ গানের কথা উঠলেই চোখের সামনে ভেসে ওঠে শাহরুখ, কাজল, করিনা, হৃতিকদের সেই বিখ্যাত দৃশ্য। এবার সেই গানের তালে তাল মেলালেন ব্রিটেনের রাজপরিবারের সদস্যরাও। মুম্বই সফরে এসেছেন যুবরাজ উইলিয়াম ও যুবরানি কেট মিডলটন। আর তাঁদের জন্য এমনই এক আয়োজনের ব্যবস্থা করলেন পরিচালক করণ জোহর। বুধবার, ১৮ নভেম্বর ধর্মা প্রোডাকশনের দফতরে হাজির হন ব্রিটিশ রাজদম্পতি। তাঁদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন করণ জোহর, করিনা কাপুর খান এবং সইফ আলি খান।

বলিউডের সঙ্গে রাজপরিবারের যোগাযোগ প্রাচীন। এবার মুম্বইয়ে এসে সরাসরি বলিউডি ঘরানায় মেতে উঠলেন ব্রিটেনের যুবরাজ উইলিয়াম ও যুবরানি কেট মিডলটন। তিন দিনের ভারত সফরের শেষ পর্বে করণ জোহরের ধর্মা প্রোডাকশনের দফতরে হাজির হন রাজদম্পতি। তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন তিনি। পাশাপাশি ছিলেন বলিউডের তারকা দম্পতি করিনা কপূর খান ও সইফ আলি খানও। সেখানে প্রায় ৪৫ মিনিট কাটান তাঁরা। এরই মাঝে করিনার সাজ ঘিরেও চর্চা শুরু হয়েছে। 

আরও পড়ুন: নস্টালজিয়ার ছোঁয়ায় ফিরছে ৯০-এর দশক, কোয়েলের হাত ধরে আসছে ‘Dear 90’s’!

ধর্মা প্রোডাকশনে অতিথিদের জন্য ছিল বিশেষ আয়োজন। বলিউডের জনপ্রিয় গান ও নাচের মাধ্যমে উইলিয়াম ও কেটকে স্বাগত জানানো হয়। করণ জোহরের ২০০১ সালের ছবি ‘কভী খুশী কভী গম’-এর ‘বোলে চুড়িয়াঁ’ এবং ‘শাভা শাভা’-র মতো গানে নাচ পরিবেশন করেন শিল্পীরা। জনপ্রিয় গানের তালে তালে রাজদম্পতি বলিউডের চেনা উদ্‌যাপনে সামিল হন। এই আয়োজনের পিছনেও রয়েছে বিশেষ কারণ। ২০২৬-এর ডিসেম্বরেই ২৫ বছর পূর্ণ করবে ‘কভী খুশী কভী গম’। লন্ডন-সহ ব্রিটেনের একাধিক জায়গায় শুটিং হয়েছিল এই ছবির। 

করণ জোহর, করিনা ও সইফের সঙ্গে বলিউডের পাশাপাশি ক্রিকেট নিয়েও কথা হয় উইলিয়াম ও কেটের। রাজদম্পতিকে আমন্ত্রণ জানাতে পেড়ে আপ্লুত পরিচালকও। সংবাদমাধ্যমকে করণ জানান, “ভারতীয় সিনেমার সম্ভাবনা এবং বিভিন্ন ভাষার ছবির বিশ্ব জুড়ে জনপ্রিয়তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে।” 

যদিও এই সাক্ষাতে আলাদা করে নজর কেড়েছে করিনা কাপুরের সাজ। ব্রিটিশ রাজদম্পতির সঙ্গে দেখা করতে সাদা রঙের পোশাক পড়েছিলেন অভিনেত্রী। সাদা স্কার্টের সঙ্গে পরেছিলেন হালকা সাদা রঙের ব্লেজার। স্কার্টের নীচে ছিল সূক্ষ্ম কারুকাজ। সঙ্গে মুক্তোর দুল, কয়েকটি আংটি এবং পান্না-হিরে বসানো একটি ব্রোচ পরেন তিনি। তবে করিনার সাজের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল সেই ব্রোচটি। সূত্রের খবর, পান্না ও ঝলমলে হিরে দিয়ে তৈরি এই ব্রোচের দাম ৭৪,৫০০ টাকা। ব্রোচের মাঝখানে রয়েছে একটি পান্না। 

উল্লেখ্য, ২০২৬ সালে ধর্মা প্রোডাকশন ৫০ বছরে পা দিতে চলেছে। ১৯৭৬ সালে করণ বাবা যশ জোহর এই প্রযোজনা সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে করণ সংস্থার দায়িত্ব সামলাচ্ছেন। এর আগে মুম্বইয়ের আর্থশট প্রাইজ ২০২৬-এর অনুষ্ঠানেও উইলিয়াম ও কেট উপস্থিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *