কলকাতা: ফের ‘অপারেশন ডায়মন্ড হারবার’!
যার জেরে, বুধবার গভীর রাতে আচমকাই যৌথ অভিযানে সিআইডি এবং ডায়মন্ড হারবার জেলা পুলিশ। অভিযান মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামিম আহমেদের ডায়মন্ড হারবারের হিঞ্চেবেড়িয়ার বাড়িতে।
রাতের অন্ধকারে তদন্তকারী আধিকারিকেরা বিধায়কের বাড়ির গেটে পৌঁছে দীর্ঘক্ষণ কড়া নাড়েন, ধাক্কাধাক্কি ও ডাকাডাকি করেন। কিন্তু ভিতর থেকে কোনও সাড়া মেলেনি, দেখা পাওয়া যায়নি বিধায়কেরও।
ঠিক কোন মামলার প্রেক্ষিতে এই অভিযান, তা নিয়ে পুলিশ বা সিআইডি-র তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো না হলেও, ঘটনার জেরে বৃহস্পতিবার সকাল থেকেই সরগরম হয়ে উঠেছে দক্ষিণ ২৪ পরগনার রাজনীতি।
বিধায়কের পরিবারের তরফে একটি ভিডিও ফুটেজে অভিযোগ করা হয়েছে, রাতে বাড়ির মূল দরজার সামনে দাঁড়িয়ে রয়েছেন পুলিশ আধিকারিকেরা। তাঁদের বারবার বলতে শোনা যাচ্ছে, “দরজাটা খুলুন, থানা থেকে এসেছি।” বেশ কিছুক্ষণ ডাকাডাকি এবং অপেক্ষা করার পরও বাড়ির ভিতর থেকে কেউ দরজা খোলেননি। সূত্রের খবর, সেই সময় বিধায়ক বাড়িতে ছিলেন না।
তদন্তকারী সংস্থা সূত্রে অনুমান করা হচ্ছে, ডায়মন্ড হারবারের একটি পুরনো জমি দখল মামলার সূত্র ধরেই এই যৌথ তৎপরতা। অভিযোগ, তৃণমূল ক্ষমতায় থাকাকালীন গত বছরের অগস্ট মাসে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখিয়ে ডায়মন্ড হারবারের বাসিন্দা এক মহিলার পরিবারের প্রায় ১.৮৫ একর জমির মালিকানা জোর করে বদল করিয়ে নেওয়া হয়েছিল।
আরও পড়ুন : সাত দিনের অপেক্ষা! বড় পর্দায় কি দেখাবেন অভিষেক?
ওই মামলায় অভিযুক্তদের তালিকায় দ্বিতীয় নামটিই রয়েছে বিধায়ক শামিম আহমেদের। অভিযোগকারিণী মহিলার দাবি, শামিম ও তাঁর দলবল গত বছর তাঁর বাড়িতে গিয়ে হুমকিও দিয়ে এসেছিলেন। সেই সময় অভিযুক্তদের প্রবল রাজনৈতিক প্রভাবের কারণে স্থানীয় পুলিশ কোনও পদক্ষেপ করেনি এবং প্রাণের ভয়ে তিনিও মুখ খোলার সাহস পাননি। বর্তমানে সেই জমি দখল মামলার তদন্তভার রয়েছে সিআইডি-র হাতে।
উল্লেখ্য, জমি দখলের পাশাপাশি সম্প্রতি ডায়মন্ড হারবারের সরিষায় তৃণমূলের একটি দলীয় কার্যালয় থেকে নগদ ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধারকে কেন্দ্র করেও শামিম আহমেদের নাম জড়িয়েছিল। ওই পার্টি অফিসটি বিধায়কের বলে অভিযোগ ওঠে।
যদিও শুরু থেকেই শামিম দাবি করে আসছেন, টাকা উদ্ধারের ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগ নেই এবং গোটা বিষয়টিই রাজনৈতিক চক্রান্ত করে ‘সাজানো’ হয়েছে। এমনকী, এই ঘটনায় নিরপেক্ষ সিবিআই তদন্তের দাবি জানিয়ে ইতিমধ্যেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।
বুধবার রাতের এই অভিযান নিয়ে এখনও পর্যন্ত বিধায়ক বা তাঁর পরিবারের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে পরিবার সূত্রে জানা গিয়েছে, পুলিশের এই অতিসক্রিয়তা ও রাতের অভিযানের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে যেতে পারেন বিধায়কের বাবা।
অন্য দিকে, এই ঘটনায় সরাসরি রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে তৃণমূল। দলের মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায় দাবি করেছেন, “শামিম আহমেদ ঋতব্রত শিবির ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পর থেকেই প্রশাসনকে ব্যবহার করে তাঁকে নিশানা করা হচ্ছে।”
সব মিলিয়ে, রাতের অন্ধকারে বিধায়কের বাড়িতে সিআইডি-পুলিশের হানা ঘিরে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজনৈতিক চাপানউতোরও তুঙ্গে উঠেছে।
Leave a comment