•
Home Top-News ইন্দ্রনীল-ব্রাত্যর বিরুদ্ধে এফআইআর বাগুইআটি থানায়
Top-Newsকলকাতাপশ্চিমবঙ্গ

ইন্দ্রনীল-ব্রাত্যর বিরুদ্ধে এফআইআর বাগুইআটি থানায়

Share
দুই প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর।
Share

কলকাতা: রাজ্যের প্রাক্তন দুই মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং ব্রাত্য বসুর বিরুদ্ধে এ বার ধর্ষণ, যৌন হেনস্থা, তোলাবাজি এবং দুর্নীতির মতো একগুচ্ছ গুরুতর অভিযোগে জ়িরো এফআইআর দায়ের হল বিধাননগর পুলিশ কমিশনারেটের অধীন বাগুইআটি থানায়। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুধু প্রাক্তন দুই মন্ত্রীই নন, এই এফআইআরে রাজ্যের একাধিক উচ্চপদস্থ সরকারি আধিকারিকের নামও জড়িয়েছে। ‘নির্যাতিতা’দের তরফে ওঠা অভিযোগগুলি খতিয়ে দেখার আবেদন জানিয়ে রাজীব সরকার নামে জনৈক এক সমাজকর্মী বাগুইআটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক (আইসি)-এর কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছিলেন। 

সেই অভিযোগের ভিত্তিতেই জ়িরো এফআইআর রুজু করে প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনা সামনে আসতেই রাজ্য রাজনীতি এবং প্রশাসনিক মহলে তীব্র শোরগোল পড়ে গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, চলতি মাসের মাঝামাঝি সময়ে বাগুইআটি থানায় ওই লিখিত অভিযোগপত্রটি পেশ করেন সমাজকর্মী রাজীব সরকার। অভিযোগপত্রে প্রাক্তন দুই মন্ত্রী এবং সংশ্লিষ্ট সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ধর্ষণ, ধর্ষণের চেষ্টা, যৌন হেনস্থা, তোলাবাজি, অপরাধমূলক ষড়যন্ত্র এবং ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মতো বিস্ফোরক অভিযোগ আনা হয়েছে। 

আরও পড়ুন : গারদেই দীপাবলি! ২১ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে ইন্দ্রনীল

বাগুইআটি থানার তরফে জানানো হয়েছে, যে হেতু ঘটনার ঘটনাস্থল ভিন্ন থানার এক্তিয়ারভুক্ত, তাই নিয়ম মেনে জ়িরো এফআইআর দায়ের করার পর অভিযোগপত্রটি পরবর্তী আইনি পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

বিধাননগর পুলিশ কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, অভিযোগের সত্যতা এবং এর নেপথ্যে থাকা প্রকৃত তথ্য যাচাই করতে ইতিমধ্যেই প্রাথমিক তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। ঠিক কোন প্রেক্ষাপটে এবং কবে এই ঘটনাগুলি ঘটেছে বলে অভিযোগকারী দাবি করেছেন, তা অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি, যে সমস্ত উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের নাম এই অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ওই ঘটনাগুলিতে তাঁদের কী ভূমিকা ছিল, তা-ও তদন্তের আওতায় আনা হচ্ছে।

উল্লেখ্য, দুর্গাপুজো পাস দুর্নীতি মামলায় গত অক্টোবর মাসেই গ্রেফতার হয়ে বর্তমানে জেলবন্দি রয়েছেন প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। ইউনেস্কোর নাম ভাঙিয়ে দুর্গাপুজোর পাস বিক্রি করে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। 

ইডি এবং কলকাতা পুলিশ পৃথক ভাবে সেই মামলার তদন্ত করছে এবং ইন্দ্রনীলের স্ত্রী ও মেয়েকেও তদন্তের আওতায় আনা হয়েছে। জেলবন্দি অবস্থায় নতুন করে এই জ়িরো এফআইআর রুজু হওয়ায় ইন্দ্রনীলের আইনি জটিলতা আরও কয়েক গুণ বেড়ে গেল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। অন্য দিকে, এই অভিযোগ প্রসঙ্গে প্রাক্তন মন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি।

তবে এই ইস্যুতে সুর চড়াতে ছাড়েনি শাসক শিবির। রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার সংবাদমাধ্যমে বলেন, “যাঁরা এত দিন ভয়ে মুখ খুলতে পারেননি, এখন তাঁরা সাহস করে অভিযোগ করছেন। পুলিশ নিরপেক্ষ ভাবে তদন্ত করবে, এতে কোনও রাজনৈতিক প্রভাব থাকবে না। তবে তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং দোষীদের সাজা পেতেই হবে।” সব মিলিয়ে, প্রাক্তন দুই হেভিওয়েট মন্ত্রীর বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ দায়ের হওয়ায় আগামী দিনে বঙ্গ রাজনীতিতে উত্তাপ যে আরও বাড়বে, তা বলাই বাহুল্য।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *