•
Home দেশ ‘জিটিএ ৬’ লঞ্চ হতেই মিম-যুদ্ধ! রাহুল-মমতা-কেজরীওয়ালকে নিশানা বিজেপির
দেশ

‘জিটিএ ৬’ লঞ্চ হতেই মিম-যুদ্ধ! রাহুল-মমতা-কেজরীওয়ালকে নিশানা বিজেপির

Share
ছবি : উইকিপিডিয়া
Share

নয়াদিল্লি: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে রকস্টার গেমসের জনপ্রিয় ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ বা ‘জিটিএ ৬’ (GTA VI)। গেমিং পোর্টাল ‘টকইস্পোর্ট’ (TalkEsport)-এর প্রতিবেদন অনুযায়ী, বুধবার মধ্যরাতেই ভারতে প্লে-স্টেশন ৫ এবং এক্সবক্স সিরিজ় এক্স/এস-এর জন্য গেমটি আনলক হয়েছে। 

আর এই বিশ্বজোড়া গেমিং উন্মাদনাকে হাতিয়ার করেই বৃহস্পতিবার সকাল থেকে তীব্র মিম-যুদ্ধে জড়িয়ে পড়ল ভারতের শাসক ও বিরোধী শিবির। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘জিটিএ’-র আদলে তৈরি ছবির মাধ্যমে ২০১৪-র আগে ও পরের ভারতের উন্নয়নের তুলনা টেনেছেন, অন্যদিকে সেই পোস্টের তীব্র কটাক্ষ করেছে কংগ্রেস। পাশাপাশি, বিরোধী নেতাদের নিশানা করে একগুচ্ছ ব্যঙ্গাত্মক মিম পোস্ট করেছে শাসকদল বিজেপিও।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সমাজমাধ্যম হ্যান্ডলে ছ’টি গ্রাফিক কার্ড পোস্ট করে লেখেন, “ভারত এখন এক সম্পূর্ণ নতুন খেলা খেলছে!” ‘টকইস্পোর্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, ‘জিটিএ’ কভার আর্টের অনুকরণে তৈরি ওই ছবিগুলিতে ‘জিটিএ ৫’-এর লোগো ব্যবহার করে ২০১৪ সালের আগের ভারতের চিত্র এবং ‘জিটিএ ৬’-এর লোগো ব্যবহার করে বর্তমান ভারতের চিত্র তুলে ধরা হয়েছে। 

প্রধানমন্ত্রীর শেয়ার করা ওই পরিসংখ্যানে দাবি করা হয়েছে, ন’টি ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি হয়েছে। চরম দারিদ্র্য ২৭ শতাংশ থেকে কমে ২.৬ শতাংশে নেমেছে, মহাকাশ স্টার্টআপের সংখ্যা ১ থেকে বেড়ে ৪৪০ হয়েছে, বিদ্যুতায়ন ২০ শতাংশ থেকে ৯৯.৬ শতাংশে পৌঁছেছে এবং ভারত প্রতিরক্ষা সরঞ্জাম আমদানিকারক দেশ থেকে ৮০টিরও বেশি দেশে রফতানিকারক দেশ হয়ে উঠেছে।

প্রধানমন্ত্রীর এই পোস্টের কিছুক্ষণের মধ্যেই পাল্টা আক্রমণ শানায় প্রধান বিরোধী দল কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক তথা মুখপাত্র জয়রাম রমেশ এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে লেখেন, “মনে করিয়ে দিই, এই ভিডিও গেমটির মূল গল্পই হল এক অপরাধী জুটিকে ঘিরে। কী দারুণ মানানসই!” যুবসমাজের মন জয় করতে প্রধানমন্ত্রীর এই প্রচেষ্টাকে নিয়ে রীতিমতো বিদ্রূপ করেছে কংগ্রেস শিবির।

অন্য দিকে, গেমটি মুক্তির ঠিক আগের দিন অর্থাৎ বুধবার (১৮ নভেম্বর) থেকেই বিরোধী নেতাদের আক্রমণ করে ‘জিটিএ’-র আদলে একাধিক মিম পোস্ট করে বিজেপি। ক্যাপশনে লেখা হয়, “এঁদের সঙ্গে দল বাঁধাও ভয়ঙ্কর!” ওই পোস্টে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে ব্যঙ্গ করা হয়েছে।

বিজেপির ওই পোস্টে রাহুল গান্ধীর নির্বাচনী পরাজয়কে কটাক্ষ করে শিরোনাম দেওয়া হয়েছে— ‘গ্র্যান্ড থেফট লুজ়ার: ৯৯টি নির্বাচনী পরাজয়, মিশন ফেল্ড: সেঞ্চুরি লোডিং’। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের সরকারি বাসভবনের সংস্কার বিতর্ককে টেনে লেখা হয়েছে ‘গ্র্যান্ড থেফট শীশমহল’, যেখানে কটাক্ষ করে বলা হয়েছে, “মিশন: আম আদমি সেজে এমন বাড়ি তৈরি করা, যা দেখে মহারাজারাও ঈর্ষা করবেন।”

পশ্চিমবঙ্গের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বিজেপি লিখেছে ‘গ্র্যান্ড থেফট বর্ডার’, যার ‘মিশন’ হিসেবে উল্লেখ করা হয়েছে অনুপ্রবেশ ইস্যুকে। পাশাপাশি, আগামী বছর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে পুরনো ‘টোঁটি চোর’ (জলের কল চুরি) বিতর্কে বিঁধে লেখা হয়েছে ‘গ্র্যান্ড থেফট টোঁটি চোর’। সব মিলিয়ে, ‘জিটিএ ৬’-এর মুক্তি ঘিরে ভার্চুয়াল দুনিয়ার উন্মাদনা এ দিন সরাসরি আছড়ে পড়ল জাতীয় রাজনীতির ময়দানে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *