•
Home Top-News শক্তি হারিয়ে গোপালপুরেই থমকে গেল ‘আকভান’, আজ দিনভর বৃষ্টি বাংলায়
Top-Newsদেশপশ্চিমবঙ্গ

শক্তি হারিয়ে গোপালপুরেই থমকে গেল ‘আকভান’, আজ দিনভর বৃষ্টি বাংলায়

Share
সকালের ময়দান। ছবি: এক্স
Share

গোপালপুর: যতটা ভাবা হয়েছিল, ঠিক ততটা হল না। 

বরং পুরী আসার আগেই শক্তিক্ষয় হল ঘূর্ণিঝড় আকভানের। যারফলে গোপালপুরেই থমকে গেল তার গতি। প্রবল থেকে সাধারণ ঘূর্ণিঝড় হয়ে, সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে ওড়িশার গোপালপুরের কাছ দিয়ে স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া (ল্যান্ডফল) শুরু হয়। 

সেই সময় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার এবং দমকা হাওয়ার সর্বোচ্চ বেগ ছিল ঘণ্টায় ৯০ কিলোমিটার। সকাল ৯টা ১৭ মিনিটে এক্স হ্যান্ডলে মৌসম ভবন জানিয়েছে, ল্যান্ডফল প্রক্রিয়া সম্পূর্ণ হতে আরও প্রায় দু’ঘণ্টা সময় লাগবে। গত ২৪ দিনের মধ্যে এই নিয়ে তৃতীয় বার ঘূর্ণিঝড়ের ভ্রুকুটির মুখে পড়ল ওড়িশা।

যদিও শক্তিক্ষয় হওয়ায় বড়সড় ক্ষয়ক্ষতির আশঙ্কা কিছুটা কমেছে, তবুও আগাম সতর্কতায় বিন্দুমাত্র খামতি রাখেনি ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ প্রশাসন। ওড়িশার বিশেষ ত্রাণ কমিশনার (এসআরসি) রাজেশ পি পাটিল জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই উপকূলবর্তী ঝুঁকিপূর্ণ এলাকাগুলি থেকে ২ লক্ষ ৯৮ হাজার ৬৭৬ জন মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়ে ২,৫২৩টি ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে। 

গোটা রাজ্যে ৯,৩৪১টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। উদ্ধারকাজের জন্য মোতায়েন করা হয়েছে চারশোরও বেশি দল, যার মধ্যে রয়েছে ওড্রাফ (ODRAF)-এর ৬০টি, এনডিআরএফ (NDRF)-এর ১৪টি এবং দমকলের ১৩১টি দল। পাশাপাশি ভারতীয় উপকূলরক্ষী বাহিনীকেও হেলিকপ্টার ও জাহাজ নিয়ে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

ওড়িশার বিপর্যয় মোকাবিলা মন্ত্রী সুরেশ পূজারী জানিয়েছেন, গত ২৮ অক্টোবর ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর সময় ধসে ১০ জনের মৃত্যু হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এ বার গঞ্জাম, গজপতি, কন্ধমাল, কোরাপুট এবং মালকানগিরি, এই পাঁচ জেলার ৯৪১টি ধসপ্রবণ এলাকা চিহ্নিত করে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। 

এর মধ্যে কেবল গজপতি জেলাতেই রয়েছে ২১১টি ধসপ্রবণ জায়গা। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে লাল, কমলা ও হলুদ সতর্কতা জারি থাকা জেলাগুলিতে সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। গোপালপুর, পুরী, সাতপাড়া এবং চিলিকায় পর্যটকদের যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। 

আগামী ২১ নভেম্বর পর্যন্ত বন্ধ রাখা হয়েছে পুরীর গুণ্ডিচা মন্দির, কেন্দ্রাপাড়ার ভিতরকণিকা জাতীয় উদ্যান এবং ময়ূরভঞ্জের সিমলিপাল ব্যাঘ্র প্রকল্প। শুক্রবার বন্ধ রাখা হয়েছে ভুবনেশ্বরের নন্দনকানন চিড়িয়াখানাও। অন্য দিকে, অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম ও বিজয়নগরম জেলায় অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

ঘূর্ণিঝড়ের জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে রেল পরিষেবাও। যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে পূর্ব উপকূল রেল ৪১টি ট্রেন বাতিল করেছে এবং ২৯টি ট্রেনের সময়সূচি পরিবর্তন করেছে। এ ছাড়া দক্ষিণ-পূর্ব রেলের তরফেও শুক্রবার পুরীগামী ও পুরী ছুঁয়ে যাওয়া অন্তত ২৮টি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে।

‘আকভান’-এর পরোক্ষ প্রভাবে ভারী থেকে মাঝারি বৃষ্টি চলছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও। দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন উপকূলীয় এলাকায় কালো মেঘের পাশাপাশি ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়েছে। 

উত্তাল রয়েছে সমুদ্র। বকখালি ও গঙ্গাসাগরের মতো পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে এবং মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে বারণ করেছে প্রশাসন। সব মিলিয়ে, ল্যান্ডফলের আগে ঝড়ের দাপট কিছুটা কমলেও ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও বাংলার উপকূলে প্রবল বর্ষণ ও দুর্যোগ মোকাবিলায় চূড়ান্ত সতর্কতায় রয়েছে প্রশাসন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *