•
Home Top-News মাতালদের মারপিট থামাতে গিয়ে ‘খুন’ বিজেপির মণ্ডল সহ-সভাপতি
Top-Newsপশ্চিমবঙ্গ

মাতালদের মারপিট থামাতে গিয়ে ‘খুন’ বিজেপির মণ্ডল সহ-সভাপতি

Share
নিহত বিজেপি নেতা চন্দন মণ্ডল। নিজস্ব ছবি
Share

হবিবপুর: উৎসবের আনন্দের মাঝেই নেমে এল চরম বিষাদ! 

কার্তিক পুজোর মেলায় মদ্যপ যুবকদের বচসা ও হাতাহাতি থামাতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল পুজো কমিটির সম্পাদক তথা স্থানীয় বিজেপি নেতার। বৃহস্পতিবার রাত ১২টা নাগাদ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদহ জেলার হবিবপুর থানার ঋষিপুর অঞ্চলের চাঁদপুর গ্রামে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম চন্দন মণ্ডল (৪৫)। তিনি ঋষিপুর অঞ্চলেরই বাসিন্দা ছিলেন এবং পেশায় ডেকোরেটার্স ব্যবসায়ী হওয়ার পাশাপাশি বিজেপির ঋষিপুর মণ্ডলের সহ-সভাপতির দায়িত্বও সামলাচ্ছিলেন। এই ঘটনায় মূল অভিযুক্ত মদ্যপ যুবককে ইতিমধ্যেই আটক করেছে হবিবপুর থানার পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, হবিবপুরের ঋষিপুর অঞ্চলের চাঁদপুর গ্রামে ঐতিহ্যবাহী ‘১৬ মাথার ষড়ানন’ কার্তিক পুজো উপলক্ষে বৃহস্পতিবার রাতে জমজমাট মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। 

পুজো কমিটির সম্পাদক হিসেবে গোটা আয়োজনের তদারকি করছিলেন চন্দন মণ্ডল নিজেই। প্রচুর মানুষের সমাগম হয়েছিল মেলা প্রাঙ্গণে। অভিযোগ, রাত ১২টা নাগাদ অনুষ্ঠান চলাকালীন আচমকাই মেলা চত্বরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। চারদিক অন্ধকার হতেই মেলায় উপস্থিত কয়েক জন মদ্যপ যুবকের মধ্যে প্রবল বচসা শুরু হয় এবং মুহূর্তের মধ্যে তা হাতাহাতিতে গড়ায়।

আরও পড়ুন : দুর্যোগের ভ্রুকুটি! ২৮ বছর পর ভাসান পিছল চন্দননগরে

মেলায় বিশৃঙ্খলা ও মারামারি হতে দেখে পুজো কমিটির সম্পাদক হিসেবে পরিস্থিতি সামাল দিতে ছুটে যান চন্দন মণ্ডল। উত্তেজিত যুবকদের শান্ত করে বিবাদ থামানোর চেষ্টা করেন তিনি। অভিযোগ, সেই সময়েই এক মদ্যপ যুবক চন্দনবাবুর উপর চড়াও হয়ে তাঁকে সজোরে আঘাত করে। যুবকের মারে ভারসাম্য হারিয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন ৪৫ বছর বয়সি ওই বিজেপি নেতা। স্থানীয় সূত্রে খবর, চন্দন মণ্ডল আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন।

তাঁকে মাটিতে লুটিয়ে পড়তে দেখে মেলা চত্বরে তীব্র আতঙ্ক ও হুড়োহুড়ি পড়ে যায়। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দা ও পুজো কমিটির সদস্যেরা সংজ্ঞাহীন অবস্থায় চন্দনবাবুকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়েই রাতেই চাঁদপুর গ্রামে পৌঁছয় হবিবপুর থানার বিশাল পুলিশবাহিনী। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে রাতেই অভিযুক্ত মদ্যপ যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। ঠিক কী কারণে বচসা শুরু হয়েছিল এবং মারধরের আঘাতেই নাকি হৃদরোগে আক্রান্ত হয়ে চন্দনবাবুর মৃত্যু হয়েছে, তা নিশ্চিত করতে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

অন্য দিকে, এলাকার জনপ্রিয় ব্যবসায়ী তথা রাজনৈতিক নেতার এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা ঋষিপুর অঞ্চলে। পুজো মণ্ডপের উৎসব মুহূর্তেই শোকে পরিণত হয়েছে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দা ও বিজেপি নেতৃত্ব। আপাতত গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *