কলকাতা: ক্রমশ শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’। তারপর থেকেই ধীরে ধীরে স্বাভাবিকের পথে বাংলার আবহাওয়া। শুক্রবার রাতে ওড়িশার মধ্যভাগে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। শনিবার সেটি আরও দুর্বল হবে। ইতিমধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দাপট কমতে শুরু করেছে। তবে আকাশে দুর্যোগের মেঘ এখনও কাটছে না। শনিবারও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকে আকাশে সূর্যের দেখা মিলতে পারে। সপ্তাহের শুরুতেই ফিরবে শীতের আমেজ।
শনিবার মুর্শিদাবাদে ভারী বৃষ্টির আশঙ্কা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। তবে রবিবার থেকেই কমবে বৃষ্টির পরিমাণ। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া ফিরে আসতে পারে। রাতের দিকে তাপমাত্রা নামবে, অনুভূত হবে শীত। তবে দিনের পারদ সামান্য ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা। পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ ভালো করে বোঝা যাবে।
আরও পড়ুন: পুরীর দিকে ঘূর্ণিঝড় আকভান! বাংলায় একাধিক ট্রেনের সময় বদল
শনিবার উত্তরবঙ্গের মালদহ ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে মঙ্গলবার থেকে সেখানেও কমে যাবে বৃষ্টির পরিমাণ। আবহাওয়া শুষ্ক হওয়ার সঙ্গে সঙ্গে শীতের আমেজ আরও সুস্পষ্ট হবে। কলকাতার আকাশ আপাতত মেঘলা থাকবে। সোমবারের পর থেকে শহরে কমতে পারে রাতের পারদ, অন্যদিকে দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা।
কৃষকদের কাছে পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। কারণ, এটাই আমন ধান কাটার গুরুত্বপূর্ণ সময়। তার মধ্যেই দু’দিনের ভারী বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুরের একাধিক এলাকা জলমগ্ন। চাষের জমিতে দাঁড়িয়ে থাকা পাকা ধান হেলে পড়েছে। জেলা কৃষি দফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরে পশ্চিম মেদিনীপুরে প্রায় ৩ লক্ষ ৭০ হাজার হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত মাত্র ৫০ থেকে ৬০ শতাংশ জমি থেকে ফসল তোলা গিয়েছে।
গড়বেতা, শালবনি, কেশপুর, ঘাটাল, দাসপুর, চন্দ্রকোনা, ডেবরা, সবং ও পিংলার মতো কৃষিপ্রধান এলাকার অবস্থা এক হওয়ায় চিন্তায় পড়েছেন কৃষকরা। প্রবল বৃষ্টি ও দমকা হাওয়ায় জমিতে জল জমেছে। এই পরিস্থিতিতে ধান কাটার কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। দীর্ঘক্ষণ জমিতে জল দাঁড়িয়ে থাকলে ফসলের গুণমান ও ফলন, দুইই ক্ষতিগ্রস্ত হতে পারে। বৃষ্টির জেরে শীতকালীন সবজি, পান এবং ফুলচাষেও প্রভাব পড়তে পারে। অন্যদিকে, জমিতে জল দাঁড়িয়ে থাকায় আলুচাষের জন্য মাটি তৈরির কাজও পিছিয়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।
Leave a comment