•
Home Top-News সইফ-অমিতাভদের নিরাপত্তায় বাড়তি নজর? ফডণবীসকে চিঠি সংগঠনের
Top-Newsবিনোদন

সইফ-অমিতাভদের নিরাপত্তায় বাড়তি নজর? ফডণবীসকে চিঠি সংগঠনের

Share
Hidden Stories News
বলিউড তারকাদের নিরাপত্তায় জোর! ছবি: সংগৃহীত
Share

মুম্বই: বলিউড জুড়ে আতঙ্কের ছায়া। একের পর এক হুমকির মুখে পড়েছেন বলিউড অভিনেতারা। টাইগার শ্রফের উপর গুলি চালানো থেকে শুরু করে আমির খান, অমিতাভ বচ্চন, সইফ আলি খানদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। তবে এবার গোটা চলচ্চিত্র জগতের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর দাবি উঠল। তারকা এবং তাঁদের পরিবারের সুরক্ষা নিশ্চিত করার আবেদন জানিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসকে চিঠি দিল অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ)।

সংগঠনের বক্তব্য, কোনও বিচ্ছিন্ন ঘটনার পর সাময়িক ব্যবস্থা নিলে চলবে না। তারকাদের শুটিংয়ের জায়গা থেকে শুরু করে প্রকাশ্য অনুষ্ঠান, সর্বত্রই নিরাপত্তা আরও বাড়াতে হবে। একটি ছবির কাজের সঙ্গে শুধু অভিনেতারা নন, যুক্ত থাকেন পরিচালক, প্রযোজক, টেকনিশিয়ান এবং বহু কর্মী। অভিনেতাদের পাশাপাশি তাঁদের সুরক্ষার বিষয়টিও প্রশাসনকে গুরুত্ব দিয়ে দেখতে হবে।

আরও পড়ুন: ‘বুলেটপ্রুফ কাচেও বাঁচবেন না’, অমিতাভ-অভিষেককে হুমকি গ্যাংস্টারের

কেন হঠাৎ এই দাবি? 

সাম্প্রতিক সময়ে একাধিক ঘটনায় প্রশ্নের মুখে বলিউডের নিরাপত্তা। সইফ আলি খানকে ঘিরে ফের প্রাণনাশের হুমকির অভিযোগ সামনে এসেছে। অভিযোগ, একটি ভয়েস মেসেজের মাধ্যমে তাঁকে বাবা সিদ্দিকির পরিণতির কথা মনে করিয়ে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। অন্যদিকে, টাইগার শ্রফকে কেন্দ্র করে মুম্বইয়ের জুহু এলাকায় গুলি চালানোর মতো ঘটনা আতঙ্ক তৈরি করেছে। পরপর এমন ঘটনায় তারকাদের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।

এআইসিডব্লিউএ-র সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত মুখ্যমন্ত্রীকে এই চিঠি পাঠিয়েছেন। একই চিঠি দেওয়া হয়েছে মুম্বইয়ের পুলিশ কমিশনার দেবেন ভারতীকেও। সেখানে সংগঠনের তরফে পাঁচটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছ। সইফ, অমিতাভ, অভিষেক এবং তাঁদের পরিবারের নিরাপত্তা আরও বাড়ানোর দাবি জানানো হয়েছে। পাশাপাশি মুম্বইয়ে কর্মরত অভিনেতা, পরিচালক ও প্রযোজকদের জন্যও প্রয়োজনীয় সুরক্ষার ব্যবস্থার আর্জি রয়েছে। ব্যক্তিগত নিরাপত্তা ছাড়াও শুটিংয়ের সময় প্রতিটি লোকেশনে পর্যাপ্ত পুলিশি নজরদারি রাখার প্রস্তাবও রেখেছে সংগঠন। পাশাপাশি তারকাদের সাংবাদিক বৈঠক, জনসমক্ষে উপস্থিতি এবং প্রকাশ্য অনুষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

সংগঠনের আশঙ্কা, কোনও বড় দুর্ঘটনার আগেই কার্যকর নিরাপত্তা ব্যবস্থা তৈরি করতে হবে। না হলে এর প্রভাব পড়বে গোটা চলচ্চিত্র শিল্পে। কোনও হুমকি বা অপ্রীতিকর ঘটনার জেরে শুটিং বন্ধ হলে আর্থিক ক্ষতির মুখে পড়বে প্রযোজনা সংস্থাগুলি। পাশাপাশি ছবির সঙ্গে যুক্ত অসংখ্য কলাকুশলী ও পর্দার পিছনের কর্মীদের কাজ হারানোর মতো আশঙ্কা আরও বাড়বে। 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *