নিউটাউন: বাংলাকে দূষণমুক্ত করতে একাধিক পদক্ষেপের কথা জানিয়েছেন পুর ও নগরোন্নয়ন অগ্নিমিত্রা পাল। প্লাস্টিকের ব্যবহার কমানো, যত্রতত্র ময়লা ফেলা এবং শহর পরিষ্কার রাখার মতো বিষয়গুলিতে বিশেষ জোর দিতে চাইছে প্রশাসন। এবার শহরকে নতুনভাবে সাজিয়ে তুলতে অভিনব উদ্যোগের কথা জানালেন মন্ত্রী। শহরের উড়ালপুল দিয়ে ছুটবে গাড়ি, আর তার ঠিক নিচেই থাকবে বই পড়ার জায়গা, ক্যাফেটেরিয়া কিংবা শিশুদের দেখভালের ব্যবস্থা।
নিউটাউনের একটি উড়ালপুলের নিচের ফাঁকা অংশকে এভাবেই কাজে লাগানোর পরিকল্পনা করছে রাজ্য সরকার। সম্প্রতি নিউটাউনে এনকেডিএ-র আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর একাধিক প্রস্তাবের কথা জানিয়েছেন অগ্নিমিত্রা পাল। অ্যাক্সিস মল ও প্রাইড হোটেলের কাছে থাকা উড়ালপুলের নিচের অংশটিকে নতুন করে সাজিয়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে। তৃণমূল আমলে এখানে ডেলিভারি কর্মীদের বিশ্রামের ব্যবস্থা করা হয়েছিল। এছাড়াও ছিল লুডো, দাবা খেলার জায়গা। পাশাপাশি শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের আদলেও একটি হাট বসেছিল। এবার সেই জায়গায় ভাবনা রয়েছে লাইব্রেরি তৈরির।
আরও পড়ুন: রাতের মেট্রোয় শ্লীলতাহানি! প্যান্টের জিপ খুলে মত্ত যুবক, তদন্তে পুলিশ
অগ্নিমিত্রার বক্তব্য, “বাঙালির বই পড়ার অভ্যাস দীর্ঘদিনের। টিভি ও মোবাইলের জন্য অনেকের পড়ার অভ্যাস কমেছে। অফিস থেকে ফেরা মানুষ যাতে উড়ালপুলের নিচে লাইব্রেরিতে বই পড়তে পারেন। সেই ব্যবস্থা করা হবে। ” আর্থিকভাবে পিছিয়ে থাকা পড়ুয়াদের জন্যও এই উদ্যোগ বেশ ভাল। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জন্য লাইব্রেরিতে সমস্ত বই থাকবে।
শুধু লাইব্রেরি নয়, সেখানে শিশুদের জন্য ক্রেশ চালু করার কথাও ভাবা হচ্ছে। পাশাপাশি রয়েছে টেবিল টেনিস খেলার ব্যবস্থা এবং একটি ক্যাফেটেরিয়া তৈরির পরিকল্পনাও। এদিনের বৈঠকে নিউটাউনের পরিকাঠামো সংক্রান্ত বেশ কিছু বিষয় নিয়েও আলোচনা হয়েছে। বর্ষার সময়ে জল জমার সমস্যা কমাতে নিকাশি নালা ও গালিপিট পরিষ্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি নিউটাউনের বেশ কয়েকটি রাস্তা সংস্কার করা হবে বলেও জানানো হয়েছে হয়েছে।
Leave a comment