•
Home Top-News মজুরি বৃদ্ধির দাবি! লাঠি, গ্যাসে এবার অগ্নিগর্ভ বাংলাদেশের গাজিপুর
Top-Newsবিশ্ব

মজুরি বৃদ্ধির দাবি! লাঠি, গ্যাসে এবার অগ্নিগর্ভ বাংলাদেশের গাজিপুর

Share
দিনভর উত্তপ্ত গাজিপুর। ছবি : এক্স
Share

ঢাকা: ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে মঙ্গলবার ফের সংঘর্ষ ও তীব্র অচলাবস্থায় স্তব্ধ হয়ে গেল বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড গাজিপুর। এ দিন সকাল থেকেই রাজধানী ঢাকার অদূরে শিল্পাঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন হাজার হাজার পোশাক শ্রমিক। ঢাকা-টাঙ্গাইল এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একাধিক গুরুত্বপূর্ণ মোড় অবরোধ করায় যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়লে শ্রমিকদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর দফায় দফায় খণ্ডযুদ্ধ বেধে যায়। বিক্ষুব্ধ শ্রমিকেরা রাস্তায় একটি পুলিশ বক্সে ব্যাপক ভাঙচুর চালিয়ে আসবাবপত্র রাস্তায় বের করে আগুন ধরিয়ে দেন। এই তীব্র অশান্তির জেরে গাজিপুরের ভোগড়া বাইপাস, চৌরাস্তা এবং কোনাবাড়ি এলাকার অন্তত ৭০টি পোশাক কারখানায় এ দিন ছুটি ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। পাশাপাশি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে আরও ৩২টি কারখানা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৮টা নাগাদ গাজিপুর মহানগরের নাওজোর, কোনাবাড়ি, জরুন, মৌচাক, তেলিরচালা এবং গাজিপুর সদরের মেম্বারবাড়ি ও বাঘের বাজার এলাকায় জড়ো হতে শুরু করেন শ্রমিকেরা। 

কিছুক্ষণের মধ্যেই সেই বিক্ষোভ আছড়ে পড়ে ভোগড়া বাইপাস ও চৌরাস্তার মতো ব্যস্ত রাস্তাতে। টায়ার জ্বালিয়ে এবং ব্যারিকেড তৈরি করে অবরোধ শুরু হলে কয়েক হাজার যাত্রী ও পণ্যবাহী গাড়ি আটকে পড়ে। 

টঙ্গি পশ্চিম থানার ওসি আরিফুর রহমান জানিয়েছেন, উত্তেজিত শ্রমিকেরা রাস্তার পাশে থাকা একটি পুলিশ বক্সে ভাঙচুর চালিয়ে চেয়ার-টেবিল রাস্তায় ফেলে আগুন লাগিয়ে দেন। পরে দমকল ও পুলিশের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং শ্রমিকদের হটিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

এ দিনের অশান্তির আগুনে ঘি ঢালে একটি শ্রমিক মৃত্যুর গুজব। কোনাবাড়ির ‘ইসলাম গার্মেন্টস’-এ এক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে রটে যেতেই কাজ ছেড়ে কারখানার বাইরে জড়ো হয়ে তীব্র বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। 

যদিও গাজিপুর শিল্প পুলিশের সুপার মহম্মদ আমজাদ হোসেন সংবাদ সংস্থা রয়টার্সকে স্পষ্ট জানিয়েছেন, কোনও শ্রমিকের মৃত্যু হয়নি। তবে পুলিশের এই আশ্বাসেও ক্ষোভ প্রশমিত হয়নি, বরং দিনভর পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে।

এই তীব্র শ্রমিক অসন্তোষের মূলে রয়েছে দীর্ঘদিনের মজুরি বিতর্ক। বর্তমানে বাংলাদেশের পোশাক শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১২,৫০০ টাকা। কিন্তু নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, বাড়িভাড়া এবং যাতায়াতের খরচ অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩০,০০০ টাকা (ভারতীয় মুদ্রায় ২২,৩০০ টাকার বেশি) করার দাবিতে অনড় শ্রমিকেরা। 

মঙ্গলবার সরকারি মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানির নেতৃত্বে মালিক ও শ্রমিক পক্ষের বৈঠক হলেও চূড়ান্ত রফাসূত্র বেরোয়নি। মালিকপক্ষের দাবি, বিশ্ববাজারে চাহিদা কম থাকায় এবং উৎপাদন খরচ বাড়ায় ১৫ শতাংশের বেশি মজুরি বাড়ানো হলে শিল্প টিকে থাকতে পারবে না।

উল্লেখ্য, চিনের পর বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রফতানিকারক দেশ, যেখানে ৪০ লক্ষেরও বেশি শ্রমিক কাজ করেন এবং দেশের মোট রফতানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এই খাত থেকে। ‘এইচ অ্যান্ড এম’ (H&M), ‘গ্যাপ’ (Gap) এবং ‘ওয়ালমার্ট’ (Walmart)-এর মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের পোশাক তৈরি হয় এখানে। 

কিন্তু নভেম্বরের শুরু থেকে চলা টানা অশান্তিতে গভীর সঙ্কটে পড়েছে এই শিল্প। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)-র পরিসংখ্যান অনুযায়ী, গত ১৮ দিনের অচলাবস্থায় ৩১৭টি কারখানায় প্রায় ৪২ কোটি ৮০ লক্ষ মার্কিন ডলারের উৎপাদন ক্ষতি হয়েছে এবং সময়মতো পণ্য সরবরাহ না হওয়ার আশঙ্কায় বিদেশি ক্রেতারা প্রায় ২৫ কোটি ৪০ লক্ষ ডলারের বরাত অন্য প্রতিযোগী দেশে সরিয়ে নিয়েছেন। সব মিলিয়ে, অর্থনৈতিক বিপর্যয় ও শ্রমিক বিক্ষোভের সাঁড়াশি চাপে নাজেহাল ঢাকা প্রশাসন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *