নয়াদিল্লি: লোকসভার স্পিকার ওম বিড়লার বেঁধে দেওয়া চূড়ান্ত সময়সীমার একদম শেষ দিনে অবশেষে নিজেদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে লিখিত জবাব জমা দিলেন তৃণমূলত্যাগী ২০ জন ‘বিদ্রোহী’ সাংসদ।
মঙ্গলবার, ২৪ নভেম্বর বিকেলে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, দীপক অধিকারী (দেব), অরূপ চক্রবর্তী, সায়নী ঘোষ, রচনা বন্দ্যোপাধ্যায়-সহ ওই ২০ জন সাংসদ আলাদা আলাদা ভাবে স্পিকারের সচিবালয়ে নিজেদের উত্তর পাঠিয়েছেন।
তৃণমূলের প্রতীকে জয়ী হয়ে ‘ন্যাশনাল সিটিজ়েনস পার্টি অফ ইন্ডিয়া’ (এনসিপিআই)-তে যোগ দেওয়ায় কেন দলত্যাগ বিরোধী আইনে তাঁদের সাংসদপদ খারিজ করা হবে না, স্পিকারের এই প্রশ্নের জবাবে তাঁরা প্রত্যেকেই দাবি করেছেন, ভারতীয় সংবিধান এবং সমস্ত সংসদীয় বিধি মেনেই তাঁরা দল ছেড়েছেন।
ঘটনার সূত্রপাত চলতি বছরের ১৮ জুন। তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যাওয়া ওই ২০ জন সাংসদের পদ খারিজের দাবিতে স্পিকার ওম বিড়লার কাছে পৃথক ভাবে আবেদন জানিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ মহুয়া মৈত্র।
কিন্তু স্পিকার দীর্ঘদিন কোনও সিদ্ধান্ত না নেওয়ায় এবং ওই ২০ জনকে এনসিপিআই সাংসদ হিসেবে স্বীকৃতি না দেওয়ায় বিলম্বের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। গত ২৫ অগস্ট শীর্ষ আদালত ওই ২০ সাংসদকে নোটিস পাঠানোর পাশাপাশি লোকসভার স্পিকার ও সেক্রেটারি জেনারেলের বক্তব্য জানতে চায়। এর পরেই লোকসভার সচিবালয় থেকে ওই সাংসদদের কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়।
আরও পড়ুন : নানক জয়ন্তীতে বৃত্ত পূর্ণ! বিচ্ছেদ কাটিয়ে ফের এনডিএ-তে অকালি
যদিও নোটিস পাওয়ার পর নানা কারণ দেখিয়ে দফায় দফায় মোট পাঁচ বার সময় চেয়ে নিয়েছিলেন সুদীপ-কাকলিরা। গত ২১ অক্টোবর এবং পরে ৩ নভেম্বরের সময়সীমা পেরিয়ে যাওয়ার পর গত সপ্তাহে স্পিকারের সচিবালয় স্পষ্ট জানিয়ে দেয়, ২৪ নভেম্বরই চূড়ান্ত দিন এবং এর পর আর এক দিনও অতিরিক্ত সময় দেওয়া হবে না। সেই মতোই শেষ দিনে ২৪ পাতার বিস্তারিত জবাব ও নথিপত্র জমা দেন তাঁরা।
এনসিপিআই সংসদীয় দলের চেয়ারপার্সন তথা বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এ দিন বলেন, “আমরা প্রত্যেকে ২৪ পাতার জবাব দিয়েছি। প্রচুর নথিপত্র জমা দেওয়া হয়েছে। সেই সমস্ত নথি জোগাড় করতে এবং মাঝখানে উৎসবের মরসুম থাকায় কিছুটা সময় লেগেছে।”
বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী জানান, “বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর উদ্ভূত পরিস্থিতিতে আমরা সাংসদেরা বৈঠক করে ঠিক করি, সংগঠন ও মানুষের প্রতি শ্রদ্ধা রাখতে গেলে নতুন দল গড়ার প্রয়োজন। সংবিধান-বহির্ভূত কোনও কাজ করিনি এবং এনডিএ-কে সমর্থন করার বিষয়টিও চিঠিতে জানানো হয়েছে।”
কাকলি, অরূপ, দেব এবং সুদীপ ছাড়াও যাঁরা স্পিকারকে চিঠি দিয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন মালা রায়, সায়নী ঘোষ, রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, শতাব্দী রায়, জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, খলিলুর রহমান, ইউসুফ পঠান, আবু তাহের খান, পার্থ ভৌমিক, বাপি হালদার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, কালীপদ সোরেন, শর্মিলা সরকার এবং অসিত মাল।
তবে জবাব দিতে এত দীর্ঘ সময় নেওয়ায় বিদ্রোহী শিবিরকে কটাক্ষ করতে ছাড়েনি মমতাপন্থী তৃণমূল নেতৃত্ব। বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায় তীব্র কটাক্ষ করে বলেন, “ওদের কাছে পরিষ্কার কোনও উত্তর ছিল না বলেই ৮৪ দিন সময় লাগল। ওঁরা দল ছাড়ার কোনও যুক্তিও দেখাতে পারেননি। কেন দল ছেড়েছেন, সেই ব্যাখ্যা দেওয়ার দায় ওঁদেরই।”
এখন ২০ সাংসদের এই ২৪ পাতার লিখিত জবাব খতিয়ে দেখে স্পিকার ওম বিড়লা কী চূড়ান্ত পদক্ষেপ করেন, সে দিকেই তাকিয়ে গোটা দেশের রাজনৈতিক মহল।
Leave a comment