•
Home Top-News শীতের রোদে উঠোনজুড়ে শিল্পের কারুকাজ! মহিষাদলের গয়নাবড়ি এখন আমেরিকাতেও
Top-Newsলাইফস্টাইল

শীতের রোদে উঠোনজুড়ে শিল্পের কারুকাজ! মহিষাদলের গয়নাবড়ি এখন আমেরিকাতেও

Share
গয়না বড়ি। ছবি সংগৃহীত
Share

পূর্ব মেদিনীপুর: কারও হাতে ফুটে উঠছে ফুল, কেউ আবার বানিয়ে ফেলছেন পাখির নকশা। আবার কখনও লতাপাতা কিংবা অলংকারের আদলে ফুটে উঠছে শিল্পের নিপুণ ছাপ। শীতের রোদ উঠতেই পূর্ব মেদিনীপুরের মহিষাদলের গ্রামে গ্রামে শুরু হয়েছে নকশাবড়ি তৈরির কাজ। গ্রামের মহিলাদের হাতে তৈরি এই নকশাবড়ি শুধু বাংলার মানুষের মন জোয় করেনি। রাজ্যের গণ্ডি পেরিয়ে বিদেশেও এই বড়ির কদর বেড়েছে। ক্যালিফোর্নিয়া, আমেরিকা থেকে বাংলাদেশ বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে নকশাবড়ি। এই শিল্পই এখন গ্রামের বহু মহিলার উপার্জনের অন্যতম ভরসা। 

পূর্ব শ্রীরামপুর, চাঁদপাত্র, গোপালপুর, রঙ্গিবসান-সহ মহিষাদলের একাধিক গ্রামের মহিলারা বংশপরম্পরায় গয়নাবড়ি তৈরি করে আসছেন। এই বিশেষ বড়ি তৈরি হয় বিউলির ডাল, পোস্ত ও সাদা তিল দিয়ে। উপকরণ সাধারণ বড়ির মতো হলেও এর আসল আকর্ষণ নকশায়। নানা রকমের ফুল, পাখি, লতাপাতা ও অলংকারের অবয়ব তৈরি হয়। এই কাজের জন্য প্রয়োজন শীতের হালকা রোদ এবং শুকনো আবহাওয়া। তাই অগ্রহায়ণ মাস পড়তেই বাড়ির উঠোন জুড়ে শুরু হয়ে যায় গয়নাবড়ি তৈরির প্রস্তুতি।

আরও পড়ুন: বিয়ের সাজ মনের মতো হবে তো? শিল্পী বাছাইয়ের আগে মাথায় রাখুন এই বিষয়গুলি 

মহিষাদলের এই শিল্পের খ্যাতি রাজ্য ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তেও ছড়িয়ে পড়েছে। এই বড়ি পৌঁছে গিয়েছে মুম্বই, গুজরাত, ওড়িশা, পাঞ্জাব ও বিহারের পাশাপাশি আমেরিকা এবং বাংলাদেশেও। বিদেশে বসবাসকারী বাঙালিরাও বেশ পছন্দ করেন এই গয়না বড়ি। সম্প্রতি আমেরিকায় বসবাসকারী তপন মান্না দেশে ফিরে মহিষাদল থেকে গয়নাবড়ি সংগ্রহ করেছেন।


এই শিল্পের প্রসার ও মহিলাদের পাশে দাঁড়াতে দীর্ঘদিন ধরে কাজ করছে মহিষাদলের বিশ্বকলা কেন্দ্র।  সরাসরি এই কাজের সঙ্গে যুক্ত সংস্থার সদস্য পাপিয়া সামন্ত, সুষমা চক্রবর্তী-সহ বহু মহিলা। বড়ি প্রস্তুতকারীদের উৎসাহ দেওয়া থেকে শুরু করে তাঁদের সহযোগিতা করছে সংস্থাটি। বিশ্বকলা কেন্দ্রের হাত ধরেই মহিষাদলের গয়নাবড়ি পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন রাজ্য এবং বিদেশে। সংস্থার বিশ্বনাথ গোস্বামী বলেন, এই শিল্পকে আরও পরিচিত করে তোলার চেষ্টা চালানো হচ্ছে। পাশাপাশি আগামী দিনে জিআই স্বীকৃতি পাওয়ার লক্ষ্যে সরকারের কাছে আবেদন জানানো হয়েছে।

বহু পরিবারের কাছে বাড়তি উপার্জনেরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম গয়নাবড়ি। শীত পড়লে বড়ির চাহিদা বাড়ে। কখনও একসঙ্গে ১০ কেজিরও বেশি বিউলির ডাল ভিজিয়ে শিলনোড়ায় বেটে, তা ভালো করে ফেটিয়ে বড়ি তৈরি করা হয়। ডাল বাটার জন্য আধুনিক যন্ত্রের ব্যবস্থা রয়েছে। হাতে শিলনোড়ায় বাটার মতো মিহি ও মসৃণ ভাব মেশিনে আসে না। তাই স্বাদ ও গুণমান বজায় রাখতে এখনও সাবেকি পদ্ধতিতেই ডাল বাটতে পছন্দ করেন তাঁরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *