•
Home Top-News বাংলাদেশে অব্যাহত অশান্তি, বোমাবাজি ও বাসে অগ্নিসংযোগ, গ্রেফতার ৩৩৮ আওয়ামী লীগ কর্মী, গোপালগঞ্জে স্থগিত মোবাইল ব্যাঙ্কিং
Top-Newsবিশ্ব

বাংলাদেশে অব্যাহত অশান্তি, বোমাবাজি ও বাসে অগ্নিসংযোগ, গ্রেফতার ৩৩৮ আওয়ামী লীগ কর্মী, গোপালগঞ্জে স্থগিত মোবাইল ব্যাঙ্কিং

Share
গোপালগঞ্জে স্থগিত মোবাইল ব্যাঙ্কিং। ছবি-সংগৃহীত
Share

ঢাকা: ডিসেম্বরের শুরুতেই ফের অশান্তির আগুনে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। বৃহস্পতিবার রাতেও রাজধানী ঢাকার পল্লবী এবং বাড্ডা এলাকায় দু’টি বাসে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। মধ্যরাতে পল্লবীতে চলন্ত বাসে অগ্নিসংযোগের সময় যাত্রী না থাকলেও, বাড্ডায় বাসের পিছনের অংশে আগুন লাগার পর চালকের তৎপরতায় যাত্রীরা নিরাপদে নেমে যান। শুধু ঢাকা নয়, কুষ্টিয়াতেও বোমাবাজির খবর মিলেছে এবং চট্টগ্রাম সহ দেশের ছয়টি জায়গায় পুলিশ কিয়স্কে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে সাঁড়াশি অভিযানে নেমেছে পুলিশ এবং ঢাকা ও গোপালগঞ্জ সহ সাতটি জেলায় ১০৯ প্ল্যাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এদিকে, আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় কয়েক দিন আগেই থানা ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ এবং অস্ত্র হাতে মিছিলের ঘটনা ঘটেছিল। পরিস্থিতি সামলাতে আগেই সেখানে রেল পরিষেবা বন্ধ করেছিল সরকার, আর বৃহস্পতিবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল ব্যাঙ্কিং পরিষেবাও। সরকারিভাবে কোনো ঘোষণা না হলেও স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি দেশের অন্যান্য জেলার তুলনায় গোপালগঞ্জে অস্বাভাবিক হারে আর্থিক লেনদেন বেড়ে গিয়েছিল। গোয়েন্দা তথ্যে উঠে এসেছে, গ্রেফতারি এড়াতে বিভিন্ন জেলা থেকে পালিয়ে আসা নেতা-কর্মীরা গোপালগঞ্জে আশ্রয় নিয়েছেন এবং তাঁদের কাছে মোবাইলের মাধ্যমে টাকা পাঠানো হচ্ছে। সেই আর্থিক লেনদেনে রাশ টানতেই সরকারি নির্দেশে সাময়িকভাবে এই পরিষেবা বন্ধ রাখা হয়েছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: চাকদহে মতুয়া নেতার বাড়িতে তাণ্ডব, স্ত্রীকে ধর্ষণ ও দুই শিশুকে হেনস্তার অভিযোগ

অন্যদিকে, আওয়ামী লীগের নেতা-কর্মীদের ধরতে বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গোটা বাংলাদেশ থেকে অন্তত ৩৩৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ, যার মধ্যে শুধু ঢাকা থেকেই ধরা পড়েছেন ৫০ জন। উল্লেখযোগ্য গ্রেফতারির তালিকায় রয়েছেন শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেসসচিব কেএম শাখাওয়াত মুন, মাদারিপুরের প্রাক্তন জেলাশাসক ইলিয়াস হোসেন এবং দু’বছর আগে নিউটাউনে খুন হওয়া আওয়ামী লীগ সাংসদ আনোয়ারুল আজিমের কন্যা মুমতারিন ফিরদৌস ডরিন। সব মিলিয়ে, ধরপাকড় ও নজরদারির কড়াকড়ির মাঝেও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখনও যথেষ্ট উদ্বেগজনক হয়ে রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *