কলকাতা: বিয়ের মরশুম মানেই সাজগোজ। নিজের দাদা-দিদি, আত্মীয়স্বজন হোক কিংবা বন্ধুবান্ধবের বিয়ে, কী পরবেন, কীভাবে সাজবেন, তা নিয়ে পরিকল্পনা চলতেই থাকে। শাড়ি, লেহেঙ্গা নাকি সালোয়ার স্যুট, কোন পোশাকের সঙ্গে কোন গয়না মানাবে এটাও একটা ভাবনার বিষয়। এমন সময়ে ফ্যাশনের অনুপ্রেরণা জোগাতে পারেন বলিউড তারকারা। বিয়ের অনুষ্ঠানে তাঁরা নানারকমের পোশাক পরে হাজির হন। সম্প্রতি এক বন্ধুর বিয়েতে হাজির হয়েছিলেন অভিনেত্রী তথা সাংসদ কঙ্গনা রানাউত। সেখানে দু’রকমের সাজে সেজেছিলেন অভিনেত্রী। আর সেই ছবিই সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন তিনি।
কঙ্গনার এই সাজে ছিল পুরনো দিনের ফ্যাশনের ছোঁয়া। বিয়ের অনুষ্ঠানে অভিনেত্রী পরেছিলেন রঙিন ঘরারা। আর মেহেন্দি ও সঙ্গীতের দিন বেছে নিয়েছিলেন গাঢ় বেগনি রঙের জমকালো লেহেঙ্গা। দুই পোশাকের ধরন আলাদা হলেও সাজের প্রতিটি খুঁটিনাটিতে ছিল বিশেষ নজর।
নবাবি আমলের ঘরারায় কঙ্গনা
বিয়ের দিনে কঙ্গনা পরেছিলেন ঘরারা। একাধিক রঙের মেলবন্ধনে তৈরি তাঁর পোশাক। ঘের দেওয়া প্যান্টের সঙ্গে ছিল ফুলহাতা, ছোট ঝুলের কুর্তি। পোশাকের জরদৌসি কাজ এবং চওড়া পাড়ে ফুটে উঠেছিল কারুকাজ। সঙ্গে সবুজ রেশমি সুতোর কাজ করা জমকালো ওড়না।
ঘরারার সঙ্গে জড়িয়ে রয়েছে লখনউয়ের নবাবি আমলের ইতিহাস। একসময় নবাবদের অন্দরমহলের মহিলারা এই পোশাক পরতেন। মূলত অভিজাত মুসলিম মহিলাদের মধ্যে ঘরারা পরার চল বেশি দেখা যেত। পোশাকটি তৈরি হয় তিনটি অংশ দিয়ে। হাঁটু পর্যন্ত বা তার সামান্য নীচে ঝুলের ফিটেড কুর্তা, ঘাগরার মতো ঘের দেওয়া পাজামা এবং একটি বড় ওড়না।
আরও পড়ুন: লেহেঙ্গা হোক বা শেরওয়ানি, বিয়ের সাজে এই রংগুলি বদলে দেবে লুক!
নব্বইয়ের দশকের বলিউডি ছোঁয়ায় বেগনি লেহেঙ্গা
মেহেন্দি ও সঙ্গীতের অনুষ্ঠানের জন্য কঙ্গনা পরেছিলেন গাঢ় বেগনি রঙের লেহেঙ্গা-চোলি। শিফনের ফ্লোয়িং লেহঙ্গাজুড়ে ছিল সোনালি জরির ফুলের নকশা। গোটা পোশাকেই ব্যবহার করা হয়েছিল গোটা-পট্টির কাজ। একই নকশার চোলির সঙ্গে ছিল বেগনি রঙের স্বচ্ছ ওড়না। তার পাড়ে ছিল ঝলমলে সোনালি জরির কাজ। চুল টেনে বেঁধে, গলায়, কানে ও কপালে সোনার গয়নায় সাজ সম্পূর্ণ করেছিলেন অভিনেত্রী।
Leave a comment