নয়াদিল্লি: ক্যাব বুক করার পর থেকেই চালকের ফোন— "বাড়তি টাকা দেবেন, নাকি ট্রিপ ক্যানসেল করে দেব?" অ্যাপ ক্যাব কিংবা বাইক রাইড বুক করতে গিয়ে প্রতিদিন অগণিত নিত্যযাত্রীকে এই জুলুমের মুখোমুখি হতে হয়। তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছনোর আশায় অনেকেই বাধ্য হয়ে পকেট থেকে ২০ থেকে ১০০ টাকা পর্যন্ত অতিরিক্ত 'টিপস' দিয়ে দেন। যাত্রীদের পকেট কাটা এই চরম 'দৌরাত্ম্য' চিরতরে বন্ধ করতে এবার পূর্ণ শক্তিতে ময়দানে নামল মোদী সরকার। উবের, র্যাপিডো এবং ওলার মতো শীর্ষ অ্যাপ ক্যাব সংস্থাগুলির মনগড়া নিয়মে রাশ টানতে কড়া নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক।
কেন্দ্রের তরফে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে, অ্যাপে গাড়ি বুক করার আগেই 'অ্যাডভান্স টিপস' কিংবা 'চুজ অ্যাড অন'-এর মতো অপশন রাখা সম্পূর্ণ নিয়মবিরুদ্ধ এবং গ্রাহক স্বার্থের পরিপন্থী। বুকিংয়ের আগে বাড়তি টাকা দিলে চালক দ্রুত ট্রিপ অ্যাকসেপ্ট করবেন— এমন ইঙ্গিতবাহী কোনও ফিচার রাখা যাবে না। সড়ক পরিবহণ মন্ত্রকের মতে, চালক যদি সত্যি পরিষেবা ভালো দেন, তবে যাত্রীর ইচ্ছা অনুসারে সেই টিপসের সুবিধা কেবল যাত্রা শেষ হওয়ার পরই রাখা যেতে পারে। এর আগে ক্রেতাসুরক্ষা দপ্তরের নোটিসে কাজ না হওয়ায় এবার কেন্দ্রের সরাসরি হস্তক্ষেপে ক্যাব সংস্থাগুলি চরম খাঁড়ার মুখে। যদিও সরকারের এই কঠোর নির্দেশের পর চালকদের মধ্যে বুকিং বাতিলের প্রবণতা আরও বাড়ে কি না, তা নিয়ে একটা আশঙ্কা তৈরি হয়েছে।
হিডেন স্টোরিজ নিউজ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন