দেশের ক্রীড়াক্ষেত্রকে আরও সক্রিয় করতে বড়সড় বিনিয়োগের পথে কেন্দ্র। ক্রীড়া পরিকাঠামো উন্নয়ন থেকে প্রতিভাবান খেলোয়াড়দের উৎসাহিত করতে আগামী পাঁচ আর্থিক বছরে ৩৬,৪৪১ কোটি টাকা খরচের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রের এই বরাদ্দে আশার আলো দেখছেন বাংলার ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ।
মূলত 'খেলো ইন্ডিয়া' প্রকল্প এবং বিভিন্ন জাতীয় ক্রীড়া সংস্থার উন্নয়নে এই অর্থ ব্যবহার করা হবে। সম্প্রতি বাংলাতেও ক্রীড়া পরিকাঠামো উন্নয়নে একাধিক উদ্যোগ নিয়েছে রাজ্য ক্রীড়া দপ্তর। রাজ্যে ১০০টি ইন্ডোর স্টেডিয়াম তৈরি, স্কুল-কলেজে ক্রীড়া পরিকাঠামো উন্নয়ন এবং বিভিন্ন প্রতিযোগিতায় পদকজয়ীদের আর্থিক সহায়তার মতো পরিকল্পনা নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রের এই বরাদ্দকে স্বাগত জানিয়েছেন বাংলার ক্রীড়ামন্ত্রী। তিনি বলেন, " প্রধানমন্ত্রী যেভাবে ক্রীড়া ও ক্রীড়াবিদদের উৎসাহ দেন, সেজন্য তাঁর প্রতি আমরা কৃতজ্ঞ। ২০৩০ সালে কমনওয়েলথ গেমস ও ২০৩৬ সালে অলিম্পিক আয়োজনের জন্য আমরা প্রস্তুতি হচ্ছি। পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় আমাদের ক্রীড়াবিদরা আরও বেশি পদক জিতছে।"
ইন্দ্রনীল খাঁ আরও জানান, খেলো ইন্ডিয়ার মাধ্যমে আগামী প্রজন্মের খেলোয়াড়দের তুলে আনার কাজ আরও শক্তিশালী হবে। প্রয়োজনীয় কোচিং, পুষ্টি এবং প্রশিক্ষণের সুযোগ পেলে দেশের ক্রীড়াবিদরা আন্তর্জাতিক মঞ্চে আরও ভালো ফল করবেন বলেও আশাবাদী তিনি।
বিষয় : Modi Government Indranil Khan

সোমবার, ০৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন