কলকাতাঃ নীলরতন সরকার মেডিক্যাল কলেজে চিকিৎসা বিভ্রাটের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। তার মধ্যেই এবার বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর দফতরের। পিত্তথলিতে পাথরের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু গলব্লাডারের বদলে অ্যাপেনডিক্সে অস্ত্রোপচার করে দেওয়া হয় বলে অভিযোগ করেছিলেন পূর্ব কলকাতার বেলেঘাটার বাসিন্দা গোপাল পোড়েল। বিষয়টি প্রকাশ্যে আসার পরই গোপালের সঙ্গে যোগাযোগ করেছে মুখ্যমন্ত্রীর দফতর।
৪৭ বছরের গোপাল পোড়েল সাধারণ পরিবারের মানুষ। একশো দিনের কাজ করে সংসার চালান তিনি। বেশ কিছুদিন ধরে পেটের ডানদিকে ব্যথা হচ্ছিল। পরীক্ষা করানোর পর আল্ট্রাসোনোগ্রাফিতে পিত্তথলিতে পাথর ধরা পড়ে। এরপর অস্ত্রোপচারের জন্য তিনি ভর্তি হন এনআরএস মেডিক্যাল কলেজে। গোপালের অভিযোগ, পিত্তথলির পাথর অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া হলেও শেষপর্যন্ত তাঁর অ্যাপেনডিক্সে অস্ত্রোপচার করা হয়। জানা যায়, এলাকার বিধায়ক কুণাল ঘোষই প্রথম ঘটনাটি প্রকাশ্যে আনেন। এরপর গলব্লাডারে থাকা পাথরের অস্ত্রোপচারের জন্য গোপালকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি জানাজানি হতেই স্বাস্থ্য দফতরের তরফেও রিপোর্ট চাওয়া হয়েছিল।
এরই মধ্যে গোপালের সঙ্গে যোগাযোগ করে মুখ্যমন্ত্রীর দফতর। প্রথমে বিধায়ক কুণাল ঘোষের সঙ্গে কথা বলা হয়। পরে গোপালের সঙ্গেও যোগাযোগ করেন দফতরের আধিকারিকরা। গোপালের দাবি, তাঁর আর্থিক পরিস্থিতির কথা জানতে পেরে চিকিৎসার খরচ নিয়ে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। গোপাল জানিয়েছেন, বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসার যাবতীয় নথিও চেয়ে পাঠানো হয়েছে। চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের বিষয়ে মুখ্যমন্ত্রীর অনুমোদন রয়েছে বলেও তাঁকে জানানো হয়।
বিষয় : Suvendu Adhikari NRS NRS Hospital

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন