কলকাতা: শিক্ষা, কয়লা, গরু পাচার কিংবা রেশন কেলেঙ্কারির পর এবার এক ভয়াবহ অভিযোগের তির তৃণমূল সরকারের দিকে। অতিমারী করোনার মতো সংকটজনক সময়েও রাজ্য স্বাস্থ্য পরিষেবায় চরম অনিয়ম ও তছরূপের বিস্ফোরক তথ্য সামনে এনেছে নিয়ন্ত্রক সংস্থা ক্যাগ (CAG)। অতি সম্প্রতি বিধানসভায় পেশ করা ক্যাগ রিপোর্টে উঠে এসেছে, পিএম কেয়ার্স (PM CARES) ও বিভিন্ন আর্থিক সহায়তা থেকে প্রাপ্ত কোটি কোটি টাকার সিংহভাগই রাজ্য সরকার ব্যবহার করতে ব্যর্থ হয়েছে। শুধু তা-ই নয়, আপৎকালীন পরিস্থিতিতে রোগীদের প্রাণ বাঁচানোর উদ্দেশ্যে সরবরাহ করা ভেন্টিলেটর ও অক্সিজেন প্ল্যান্টের এক বিরাট অংশ দিনের পর দিন অকেজো করে গুদামে ফেলে রাখা হয়েছিল বলে খবর।
সংবাদসংস্থা পিটিআই সূত্রের খবর অনুযায়ী, ২০২২ সালের মার্চ মাস পর্যন্ত কোভিড মোকাবিলায় কেন্দ্র থেকে পাওয়া আর্থিক প্যাকেজের প্রায় ৬৫ শতাংশ, অর্থাৎ ৬৫৯ কোটি ২৮ লক্ষ টাকা অলস পড়ে থেকেছে, যা জনস্বার্থে খরচই করা হয়নি। পিএম কেয়ার্স ও সিএসআর ফান্ডের মাধ্যমে রাজ্যজুড়ে ৭৫টি অক্সিজেন প্ল্যান্ট সরবরাহ করা হলেও ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত তার মধ্যে মাত্র ৩২টি চালুর মুখ দেখেছিল। বাকি ৪৩টি প্ল্যান্টের কোনও হদিস বা সদুত্তর মেলেনি। একই ছবি ভেন্টিলেটর ও কনসেনট্রেটর ব্যবহারের ক্ষেত্রেও; রায়গঞ্জ মেডিক্যাল কলেজসহ একাধিক সরকারি হাসপাতালে অত্যন্ত মূল্যবান আইসিইউ ভেন্টিলেটর ও অক্সিজেন কনসেনট্রেটর দীর্ঘদিন ধরে স্টোররুমে প্যাকেটবন্দি অবস্থায় ধুলো জমে নষ্ট হয়েছে। মহামারী চলাকালীন রাজ্য প্রশাসনের এমন উদাসীনতা ও কোটি কোটি টাকার অব্যবস্থাপনা সামনে আসতেই জোর বিতর্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
হিডেন স্টোরিজ নিউজ

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন