একটা ছবি সফল হলেই কি তার ফর্মুলা অনুসরণ করতে শুরু করে গোটা ইন্ডাস্ট্রি? বলিউডে এমন প্রবণতা নতুন নয়। এবার এই প্রবণতা নিয়েই মুখ খুললেন অভিনেত্রী করিনা কাপুর। তাঁর মতে, দর্শক এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। তাই শুধুমাত্র কোনও একটি ট্রেন্ড সফল হয়েছে বলেই সেই পথ অনুসরণ করে ছবি বানিয়ে সাফল্য পাওয়া সহজ হবে না।
সম্প্রতি একটি আলোচনায় হিন্দি সিনেমার বদলে যাওয়া ধারা নিয়ে কথা বলেন করিনা। সেখানেই সন্দীপ রেড্ডি ভাঙার ‘অ্যানিম্যাল’-এর উদাহরণ টেনে তিনি বলেন, ছবিটি সফল হওয়ার পর ইন্ডাস্ট্রিতে একই ধরনের হিংসাত্মক গল্প তৈরির প্রবণতা দেখা যেতে পারে। করিনার কথায়, “আমাদের দর্শককে আমরা যতটা বুদ্ধিমান ভাবি, তার থেকেও তাঁরা অনেক বেশি বুদ্ধিমান। কখন কোন ছবি ভালো, সেটা তাঁরা ঠিক বুঝতে পারেন এবং তাঁরা সেই ছবিই দেখতে চান। তাই এখন শুধু তরুণ-তরুণীর প্রেমের গল্পেই বিষয়টা আটকে নেই। এই ধরনের অনেক কিছুই এখন পুরনো হয়ে গিয়েছে। এখন হিংসা চলছে, ‘অ্যানিম্যাল’ সফল হয়েছে, তাই চলো সবাই হিংসার ছবি বানাই, এমন একটা প্রবণতা তৈরি হচ্ছে। আমার মনে হয়, এখন পরিস্থিতি বদলাচ্ছে। দর্শক এখন ট্রেলার দেখেই বলবেন, তাঁরা এই ছবিটা দেখতে চান।”
করিনা আরও বলেন, “তরুণ দর্শক এখন এমন প্রশ্ন করবেন, যা ভাবতে বাধ্য করে। তাই পরিচালকরা এখন শুধু ‘এটা কমেডি ছবি, তাই মানুষ নিশ্চয়ই দেখতে আসবে’, এই যুক্তিতে ছবি বানাতে পারবেন না। প্রতিটি ছবি ২০০ কোটি বা ৫০০ কোটি টাকা ব্যবসা করবে, এমনটাও নয়। আমার মনে হয়, আমরা ধীরে ধীরে বদলাচ্ছি এবং এই পরিবর্তনে দর্শকরাও আমাদের সাহায্য করছেন।”
করিনার পরবর্তী ছবি কোনটি?
এদিকে এখন করিনা ব্যস্ত তাঁর পরবর্তী ছবি ‘দায়রা’ নিয়ে। মেঘনা গুলজার পরিচালিত এই ছবিটি একটি তদন্তমূলক ড্রামা। করিনার সঙ্গে ছবিতে রয়েছেন পৃথ্বীরাজ সুকুমারন। দু’জনকেই দেখা যাবে পুলিশ আধিকারিকের চরিত্রে। একটি কিশোর অপরাধের সঙ্গে যুক্ত মামলার তদন্ত করতে গিয়ে দু’জনের অবস্থান কীভাবে পরস্পরের বিপরীতে চলে যায়, সেই গল্পই তুলে ধরবে এই ছবি। আগামী ১৮ সেপ্টেম্বর, ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।
বিষয় : Kareena Kapoor Bollywood

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন