কলকাতাঃ নামী শপিং মল, চারপাশে ঝাঁ চকচকে পরিবেশ। অথচ তার পাশেই রাস্তাজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে আবর্জনা! পার্ক সার্কাসের এই চিত্র দেখে রীতিমতো ক্ষুব্ধ হলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বৃহস্পতিবার এলাকা পরিদর্শনে গিয়ে নোংরা ও আবর্জনার স্তূপ দেখে সঙ্গে সঙ্গেই পদক্ষেপের নির্দেশ দেন তিনি।
পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং এলাকায় পরিদর্শনে গিয়ে দেখা যায়, নামী শপিং মলের আশপাশে যত্রতত্র পড়ে রয়েছে ময়লা-আবর্জনা। দুর্গন্ধে ভরে রয়েছে এলাকা। এই পরিস্থিতি দেখে পুরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মীদের ডেকে পাঠান মন্ত্রী। অগ্নিমিত্রার নির্দেশ, এলাকায় পর্যাপ্ত সংখ্যক ওয়েস্টবিন রাখতে হবে, যাতে কেউ আর রাস্তায় ময়লা ফেলতে না পারে। পাশাপাশি দ্রুত গোটা এলাকা পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে পুরসভার জঞ্জাল বিভাগকে। শহর নোংরা করে সৌন্দর্যায়নের পথে বাধা তৈরি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। এমনকী গুনতে হবে মোটা অঙ্কের জরিমানাও করা হতে পারে বলে জানানো হয়েছে।
পুর ও নগরোন্নয়ন দপ্তরের দায়িত্ব নেওয়ার পর থেকেই শহর পরিচ্ছন্নতা, ফুটপাত দখলমুক্ত করা, বেআইনি পার্কিং এবং রাস্তায় নির্মাণসামগ্রী ফেলে রাখার মতো একাধিক বিষয় নিয়ে কড়া পদক্ষেপ করেছেন অগ্নিমিত্রা। শুধু কলকাতা নয়, রাজ্যের বিভিন্ন বড় শহর ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখছেন তিনি।
বিষয় : Agnimitra Paul Park Circus Clean Kolkata

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন