হায়দরাবাদঃ বিপজ্জনক গতিতে ছুটে আসা গাড়ির ধাক্কায় মৃত্যু ২৬ বছরের এক তরুণীর। অভিযোগের তির সাংসদপুত্রের দিকে। হায়দরাবাদের রাজ্যসভা সাংসদ লিঙ্গামেনি রমেশের ছেলে লিঙ্গামানেনি সঞ্জুষের বিরুদ্ধে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগ উঠেছে। তবে দুর্ঘটনার পর ছেলের পাশেই দাঁড়ালেন সাংসদ বাবা।
মৃত তরুণীর নাম ভারতী মুখী। তিনি ইনোরবিট নামে একটি শপিং মলের পোশাকের দোকানে কাজ করতেন। গত রবিবার দুপুরে সহকর্মী পূজা অশোক আলোনের সঙ্গে খাবার খেতে বেরিয়েছিলেন তিনি। অভিযোগ, সেই সময় রাস্তা পার হওয়ার সময় আচমকাই দ্রুতগতিতে একটি অ্যাস্টন মার্টিন এসে ভারতীকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। মৃত্যু হয় তরুণীর। জানা গিয়েছে দুর্ঘটনার প্রায় এক সপ্তাহ পরও অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি। যদিও ঘটনায় মামলা রুজু করেছে পুলিশ। অভিযোগ, জামিনযোগ্য ধারাতেই মামলা করা হয়েছে। এই মামলায় দোষ প্রমাণিত হলে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
এই ঘটনার পর পুত্রের হয়ে মুখ খুলেছেন সাংসদ লিঙ্গামেনি রমেশ। সোশ্যাল মিডিয়ায় তিনি দাবি করেন, দুর্ঘটনার পর তাঁর ছেলে নিজেই তরুণীকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। এরপর পুলিশকেও খবর দেন এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করছেন। তদন্ত শেষ হওয়ার আগে শুধুমাত্র অনুমানের ভিত্তিতে যেন তাঁর ছেলেকে দায়ী করা না হয়। পাশাপাশি সাংসদের দাবি, পরীক্ষার পর জানা গিয়েছে, দুর্ঘটনার সময় তাঁর ছেলে মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন না। মৃতার পরিবারের পাশে দাঁড়িয়ে সবরকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি।
বিষয় : CrimeNews hyderabad roadaccident

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন