কলকাতাঃ কাজের জন্য আর বাইরে যেতে হবে না পরিযায়ী শ্রমিকদের। এবার গ্রামেই মিলবে কর্মসংস্থানের সুযোগ। নিজেদের এলাকাতেই তাঁদের জীবিকার ব্যবস্থা করবে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। চিহ্নিত পরিযায়ী শ্রমিক পরিবারের যোগ্য সদস্যদের দ্রুত ‘গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড’ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২৫ আগস্ট জেলাশাসক এবং জেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটরদের কাছে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে। যে সকল পরিযায়ী শ্রমিক পরিবার এখনও রোজগার গ্যারান্টি কার্ড পায়নি, তাঁদের দ্রুত কার্ড দিতে হবে। ইতিমধ্যেই কার্ড দেওয়া হয়ে থাকলে তা যাচাই করে দেখার নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি, কার্ড পাওয়া যোগ্য প্রাপ্তবয়স্ক সদস্যরা কাজ চাইলে তাঁদের কাজের চাহিদা নথিভুক্ত করে নিয়ম মেনে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যরা অদক্ষ শ্রমের কাজে আগ্রহী হলে বছরে ১২৫ দিনের মজুরির কাজের আইনি নিশ্চয়তা পাবেন।
জেলাগুলিকে ইতিমধ্যেই চিহ্নিত পরিযায়ী শ্রমিক পরিবারগুলির তালিকা যাচাই করতে বলা হয়েছে। সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে পরিযায়ী শ্রমিকদের একাংশকে তাঁদের নিজের গ্রামেই কাজের সুযোগ করে দেওয়া সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। এর ফলে গ্রামীণ পরিবারের আয় ও জীবিকা সুরক্ষিত হবে। আর কাজের সন্ধানে ভিনরাজ্যে পাড়ি দেওয়ার প্রবণতাও কমবে।
বিষয় : MGNREGA MIgrant Worker

রোববার, ১১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন