পুরভোটের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জোরকদমে। আসন্ন পুরভোটের আগে কলকাতা ও হাওড়া পুরনিগমে বড় রদবদলের রাজ্য সরকার। মন্ত্রিসভার অনুমোদনের পর এবার বিধানসভায় উঠতে চলেছে সংশোধনী বিল।
বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আগামী ১২ আগস্ট বিধানসভার একদিনের বিশেষ অধিবেশনে পুনর্বিন্যাস সংক্রান্ত সংশোধনী বিল আনা হবে। বিল পাশ হওয়ার পরই নতুন ওয়ার্ড বিন্যাস কার্যকর করার প্রক্রিয়া শুরু হবে। প্রথমে কলকাতা পুরনিগমের ১৪৪টি ওয়ার্ড ভেঙে ২০০টি ওয়ার্ড করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। সেই অনুযায়ী বিজ্ঞপ্তিও জারি হয়। কিন্তু পুনর্বিন্যাসের সময় প্রতিটি ওয়ার্ডে প্রায় ১৬ হাজার ভোটার রাখতে গিয়ে একাধিক প্রশাসনিক ও ভৌগোলিক জটিলতা সামনে আসে। সেই কারণেই নির্ধারিত সময়ের পরিবর্তে পাঁচ দিন পরে পুর ও নগরোন্নয়ন দপ্তরে ২০৯টি ওয়ার্ডের চূড়ান্ত মানচিত্র পাঠানো হয়। যদিও সূত্রের খবর, ওয়ার্ডের সংখ্যা বাড়লেও কলকাতা পুরনিগমের ১৬টি বরো অপরিবর্তিতই থাকবে। এবার এই নতুন ওয়ার্ড তালিকার ভিত্তিতে রাজ্য নির্বাচন কমিশন সর্বদল বৈঠক করবে। পাশাপাশি কোন ওয়ার্ড মহিলা এবং তফসিলি জাতি বা উপজাতির জন্য সংরক্ষিত হবে, সেই প্রক্রিয়াও শুরু হবে। প্রশাসনিক সূত্রের দাবি, পুজোর আগেই এই সমস্ত কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। অন্যদিকে, দীর্ঘদিন নির্বাচন না হওয়া হাওড়া পুরনিগমেও ওয়ার্ড পুনর্বিন্যাসের কাজ প্রায় শেষ। আগে যেখানে ৫০টি ওয়ার্ড ছিল, নতুন পরিকল্পনা অনুযায়ী তা বেড়ে ৬৮টি হতে চলেছে। নতুন মানচিত্রও তৈরি হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।
সরকারি মহলের দাবি, দীর্ঘদিন পুরভোট না হওয়ায় হাওড়ায় নির্বাচিত জনপ্রতিনিধির অভাব ছিল। তার প্রভাব পড়ছিল নাগরিক পরিষেবার উপর। সেই পরিস্থিতি বদলাতেই দ্রুত পুনর্বিন্যাস ও নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিষয় : Kolkata Howrah KMC Election

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন