ফরাক্কায় রেললাইনে ধস নেমে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ ব্যবস্থা। নিউ ফরাক্কা স্টেশনের কাছে মেরামতির কাজ চলাকালীন নতুন করে ধস নামায় থমকে যায় কাজও। বেঁকে গিয়েছে ওভারহেড বৈদ্যুতিক লাইনের একটি পোল। এর জেরে উত্তরবঙ্গের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। আবার মালদহ ও মুর্শিদাবাদ ডিভিশনে বহু ট্রেন আটকে পড়েছে।
এই পরিস্থিতিতে যাত্রীদের দুর্ভোগ কমাতে পথে নামল রাজ্য পরিবহণ দফতর। আটকে থাকা যাত্রীদের জন্য সরকারি বাসের ব্যবস্থা করা হয়েছে। এই পরিষেবার জন্য যাত্রীদের কাছ থেকে কোনও ভাড়া নেওয়া হবে না। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ট্রেনে আটকে থাকা যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে ২০টি সরকারি বাস ব্যবহার করা হবে। কলকাতা-শিলিগুড়ি রুটে অতিরিক্ত ২৩টি বাস নামানো হয়েছে। শুক্রবার শিলিগুড়ি থেকে কলকাতার দিকে ১৮টি বাস চলবে। মালদহ-কলকাতা রুটে বিশেষ পরিষেবায় ৫টি বাস রাখা হয়েছে। দুর্গাপুর-বালুরঘাট রুটেও আরও ২টি বাস চালানো হচ্ছে। কলকাতার এসপ্ল্যানেড বাস টার্মিনাস থেকে শিলিগুড়ির এনজিপি বাস টার্মিনাস পর্যন্ত বিশেষ বাস পরিষেবা চালু করা হয়েছে। বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত প্রতি ঘণ্টায় বাস ছাড়বে।
শুধু বাস নয়, ট্রেনে আটকে থাকা যাত্রীদের জন্য জল ও খাবারের ব্যবস্থাও করা হয়েছে। মালদহ এবং মুর্শিদাবাদ ডিভিশনে দাঁড়িয়ে থাকা ট্রেনগুলিতে এই পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। রেললাইন মেরামতির কাজও জোরকদমে চলছে। জানা গিয়েছে, রেলের তরফে যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। একই সঙ্গে নজর রাখা হচ্ছে যাত্রীদের নিরাপত্তার বিষয়েও।
বিষয় : Farakka CM Suvendu Adhikari

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন