বাংলায় ক্ষমতায় আসার পর উন্নয়নের বার্তা দিচ্ছে বিজেপি সরকার। কিন্তু সেই দলের রাজ্য সভাপতির মুখেই এবার শোনা গেল অন্য এক স্বীকারোক্তি। বাংলায় এখনও পুরোপুরি বন্ধ হয়নি তোলাবাজি! দলের অন্দরেই ‘বিচ্যুতি’র কথা মেনে নিয়ে কর্মীদের সতর্ক করলেন শমীক ভট্টাচার্য।
রাজারহাটের আইআইটি খড়গপুর রিসার্চ পার্কে আয়োজিত ‘উদ্যমী সমাগম’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শমীক। শমীক বলেন, বাংলায় পরিবর্তনের পর উন্নয়নের কাজ চলছে জোরকদমে। শিল্পপতিরা রাজ্যে বিনিয়োগ করছেন। তবে এখনও কিছু সমস্যা রয়ে গিয়েছে। তাঁর কথায়, “বিচ্যুতি আছে।” দলের কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, যাঁদের মধ্যে পুরনো অভ্যাস বা ব্যক্তিগত স্বার্থের প্রবণতা রয়েছে, তাঁদের সেই পথ থেকে সরে আসতে হবে। এদিন তিনি আরও বলেন, রাজনীতির প্রভাব থেকে বেরিয়ে আসতে হবে। প্রতিটি বিষয়ে রাজনৈতিক হস্তক্ষেপ উন্নয়নের পথে বাধা তৈরি করে। বিনিয়োগ এবং রাজ্যের অগ্রগতির জন্য এই মানসিকতার পরিবর্তন প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
এর পাশাপাশি সামনে রয়েছে বঙ্গ বিজেপির সাংগঠনিক রদবদল। পুজোর আগেই রাজ্যের একাধিক সাংগঠনিক পদে পরিবর্তন আসতে পারে বলে জল্পনা শুরু হয়েছে। নিচুতলার কিছু নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগও জমা পড়েছে বলে খবর। এতদিন তৃণমূল সরকারের দুর্নীতি নিয়ে সরব হয়েছে বিজেপি। এবার ক্ষমতায় আসার পর নিজেদের দলের কর্মীদের নিয়েই সতর্কবার্তা দিলেন শমীক।
বিষয় : Kolkata BJP Samik Bhattacharya

শনিবার, ০১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন