বাঁকুড়া: ব্যারিকেডে আটকাল না বামেদের মিছিল! পুলিশের বাধা পেরিয়ে জেলাশাসক দফতরের দিকে এগিয়ে গেলেন আন্দোলনকারীরা। মঙ্গলবার বাঁকুড়ায় বামপন্থী সংগঠনগুলির ডাকা অভিযান ঘিরে প্রবল উত্তেজনা ছড়াল।
রাজ্যের সমস্ত মহিলা আবেদনকারীকে অন্নপূর্ণা যোজনার আওতায় আনা, ধান, আলু, পাট-সহ বিভিন্ন কৃষিপণ্যের ন্যায্য দাম নিশ্চিত করা-সহ মোট ১৫ দফা দাবিতে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। হিন্দু স্কুল ময়দান থেকে মিছিল করে জেলাশাসকের দফতরের দিকে এগোতে শুরু করেন তাঁরা। আইজি মোড়ের কাছে আগে থেকেই ব্যারিকেড করে মিছিল আটকানোর চেষ্টা করে পুলিশ। কিন্তু বিক্ষোভকারীরা সেখানেই থামেননি। ব্যারিকেড সরানোর চেষ্টা করতেই দু’পক্ষের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। শেষ পর্যন্ত পুলিশের বাধা পেরিয়ে দফতর চত্বরে ঢুকে বিক্ষোভ দেখাতে থাকেন আন্দোলনকারীরা। পরিস্থিতি সামাল দিতে জেলাশাসক দফতরের সামনে বিশাল পুলিশবাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। এরপর দফতরের বাইরের রাস্তায় বসেই বিক্ষোভ চালিয়ে যান বাম কর্মী-সমর্থকেরা।
সিপিএম নেতা অমিয় পাত্রের অভিযোগ, ‘রাজ্য সরকার মুখে যত কথা বলছে, কাজের ক্ষেত্রে তার কিছুই করছে না। কেউ একশো দিনের কাজ পাচ্ছেন না। ধান, আলু ও পাটের সহায়ক মূল্য পাচ্ছেন না কৃষক। অন্নপূর্ণা যোজনায় যে সংখ্যক মহিলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, তার তুলনায় অনেক বেশি সংখ্যক মহিলা বঞ্চিত হয়েছেন।’’ আন্দোলনকারীদের বক্তব্য, তাঁদের দাবিগুলি নিয়ে দ্রুত পদক্ষেপ না করা হলে আগামী দিনেও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।
বিষয় : Police West Bengal Police Bankura Left

সোমবার, ১০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন