কলকাতাঃ ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এবার পুলিশের তরফে অশান্তির ঘটনায় তৌফিক নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করা হল। সূত্রে খবর, বৃহস্পতিবারের গোলমালের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তিনি। অশান্তিতে তাঁরও ভূমিকা ছিল বলে অভিযোগ।
পুলিশের দাবি, দুষ্কৃতীদমন শাখার হাতে গ্রেফতারির পর তৌফিককে শেক্সপিয়র সরণি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এই গ্রেফতারির পরে ক্যামাক স্ট্রিটের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ১৪। এর আগে ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। আপাতত ৩ সেপ্টেম্বর পর্যন্ত তাঁদের বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। ধৃতদের জামিনের আবেদনও খারিজ হয়ে গিয়েছে। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার বিকেলে। কলকাতা পুরসভার তরফে ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরের বাইরে লাগানো একটি বিলবোর্ড খোলার উদ্যোগ নেওয়া হয়। বিলবোর্ডটি অনুমতি ছাড়া বসানো হয়েছিল এবং সেটি বিপজ্জনক অবস্থায় ঝুলছিল বলে দাবি। কিন্তু বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে দফতরের সামনে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। পুরকর্মীদের সঙ্গে অভিষেকের অনুগামীদের বচসা এবং পরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। পুলিশ ও পুরকর্মীদের উপর হামলার অভিযোগও ওঠে।
এই ঘটনায় পুলিশ মোট তিনটি এফআইআর দায়ের করেছে। মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন, বৈশ্বানর চট্টোপাধ্যায়, হুমায়ুন কবীর-সহ একাধিক ব্যক্তির নাম রয়েছে। সরকারি আধিকারিকদের কাজে বাধা, মারধর, ভয় দেখানো এবং মহিলাদের হেনস্থার চেষ্টার মতো অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন