কলকাতাঃ সোনাগাছিতে ১৬ বছরের এক নাবালিকাকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল তারই বিশেষ বন্ধুর বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার বাসিন্দা ওই কিশোরীকে কলকাতার যৌনপল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ। খবর পেয়েই শুক্রবার সোনাগাছিতে অভিযান চালায় বড়তলা থানার পুলিশ। মাত্র এক ঘণ্টার মধ্যেই ওই কিশোরীকে উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে খবর, কিশোরীকে সোনাগাছিতে নিয়ে এসেছিল তার বিশেষ বন্ধু বাবুল ওরফে শফিকুল মোল্লা। অভিযোগ, এরপর তাকে শাহরুখ ওরফে শাহরুল লশকরের হাতে তুলে দেওয়া হয়। ৭ অগস্ট, শুক্রবার ১০০ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানানো হয়। পাশাপাশি চাইল্ড হেল্পলাইনের তরফেও পুলিশকে ই-মেল করা হয়েছিল। অভিযোগ পাওয়ার পরই বড়তলা থানার পুলিশের একটি দল সোনাগাছিতে পৌঁছে তল্লাশি শুরু করে। একাধিক বাড়িতে খোঁজ চালানোর পর ১৯, দুর্গাচরণ মিত্র স্ট্রিটের একটি ঘর থেকে কিশোরীকে উদ্ধার করা হয়। পুলিশের দাবি, কিশোরীকে ব্যবহার করে দেহব্যবসার মাধ্যমে টাকা রোজগারের পরিকল্পনা করা হয়েছিল। এই ঘটনায় ইতিমধ্যেই বাবুল ওরফে শফিকুল মোল্লা এবং শাহরুখ ওরফে শাহরুল লশকরকে গ্রেফতার করা হয়েছে।
ধৃত দু’জনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা, পকসো এবং অনৈতিক পাচারবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। শনিবার ধৃত দু’জনকে আদালতে হাজির করানো হবে। তাঁদের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানাবে তদন্তকারীরা।
বিষয় : Kolkata Police Child Trafficking Sonagachi

শনিবার, ০৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন