গোপালনগর: সামান্য টিভি দেখা নিয়ে সামান্য এক বচসা, আর তার পরিণতি যে এতখানি ভয়াবহ হয়ে উঠবে, তা কল্পনাও করতে পারেননি কেউ। উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার বৃদ্ধপাল্লা এলাকায় রাতের অন্ধকারে খাওয়ার পাত থেকে এক যুবককে ডেকে নিয়ে গিয়ে নৃসংশভাবে খুন করার চাঞ্চল্যকর অভিযোগ উঠল এলাকারই দুই বাসিন্দার বিরুদ্ধে। শুক্রবার সকালে স্থানীয় একটি মাঠ থেকে উদ্ধার হয় ওই যুবকের রক্তাক্ত নিথর দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সমগ্র বৃদ্ধপাল্লা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম বিশ্বজিৎ মুণ্ডা। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন এবং দীর্ঘদিন ভিনরাজ্যে কাজ করার পর মাসকয়েক আগেই গোপালনগরের নিজের বাড়িতে ফেরেন। সম্প্রতি স্ত্রী বাপের বাড়িতে থাকায় দিনের সিংহভাগ সময় স্থানীয় ক্লাবেই কাটাতেন বিশ্বজিৎ। দিন তিনেক আগে ক্লাবে টিভি দেখা নিয়ে নিতাই ও টোটোন নামে দুই প্রতিবেশীর সঙ্গে তাঁর তুমুল কথা কাটাকাটি হয়। পরিবারের দাবি, সেই সময় বিশ্বজিৎকে সরাসরি খুনের হুমকি দিয়েছিল ওই দুজন।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বাড়িতে রাতের খাবার খেতে বসেছিলেন বিশ্বজিৎ। ঠিক সেই সময় অভিযুক্ত টোটোন ও নিতাই তাঁর বাড়িতে এসে তাঁকে ডেকে বাইরে নিয়ে যায়। এরপর আর রাতে ঘরে ফেরেননি তিনি। স্বজনরা সারারাত খোঁজাখুঁজি করেও তাঁর কোনো খোঁজ পাননি। শুক্রবার সকালে মাঠে বিশ্বজিতের রক্তাপ্লুত দেহ পড়ে থাকতে দেখে শিহ্রে ওঠেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এলাকা থমথমে থাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী এবং অভিযুক্তদের মধ্যে টোটোনকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ।
সামান্য কারণে এমন নৃশংস হত্যাকাণ্ডে স্তম্ভিত পুরো এলাকা, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব সাধারণ মানুষ!
হিডেন স্টোরিজ নিউজ

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন