পূর্ব বর্ধমান: বেপাত্তা পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বেআইনি সম্পত্তির সাম্রাজ্য উন্মোচনে এবার বর্ধমানে বড়সড় অভিযান চালাল পুলিশ। বীরভূমের ডেউচায় সাড়ে ২৮ কোটি টাকা নগদ এবং ১৫ কেজি সোনা উদ্ধারের পর থেকেই টুলু ও তাঁর ঘনিষ্ঠদের ওপর কড়া নজর রাখছিলেন তদন্তকারীরা। সেই সূত্রের ওপর ভিত্তি করেই সোমবার পূর্ব বর্ধমানের আউসগ্রামের ভেদিয়া কাঁটাটিকুরি গ্রামে টুলুর মামাশ্বশুর মোজাম্মেল হকের বাড়িতে সকাল থেকে টানা ১০ ঘণ্টা ম্যারাথন তল্লাশি চালায় পুলিশ। অভিযানের পর গ্রেফতার করা হয়েছে মোজাম্মেলের ছেলে তথা টুলুর প্রাক্তন ম্যানেজার মুর্শিদ কামাল ওরফে রিপন মণ্ডলকে।
অভিযানে বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপার, বোলপুরের এসডিপিও সহ বিশাল পুলিশ বাহিনী, এমনকি বম্ব স্কোয়াডকেও কাজে লাগানো হয়। গোপন সম্পত্তি লুকানো রয়েছে কি না তা দেখতে আলমারি, ট্রাঙ্ক, গোয়ালঘর থেকে শুরু করে বাড়ির উঠোনের মাটি পর্যন্ত খুঁড়ে তল্লাশি চালান তদন্তকারীরা। দীর্ঘ তল্লাশির পর রিপনের কাছ থেকে একটি ল্যাপটপ, প্রিন্টার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘মণ্ডল ডায়েরি’ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে অনুমান, এই ডায়েরিতে পাথর খাদান ও জাল ডিসিআর সংক্রান্ত বহু বিস্ফোরক তথ্য লুকিয়ে রয়েছে। বিপুল সম্পত্তির উৎস এবং আত্মীয়দের নামে থাকা সম্পদের যোগসূত্র পেতে পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
হিডেন স্টোরিজ নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন