বীরভূমঃ মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এই প্রথম বীরভূম সফরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। তাঁর সফর ঘিরে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে তারাপীঠ থেকে রামপুরহাটের বিস্তীর্ণ এলাকা। শনিবার জেলায় একাধিক কর্মসূচতে যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। ফলে তাঁর প্রথম বীরভূম সফরে কী বার্তা থাকে, তা ঘিরে বাড়ছে জল্পনা।
সফরসূচি অনুযায়ী, শনিবার দুপুরে হেলিকপ্টারে তারাপুরের মাঠে তৈরি হেলিপ্যাডে নামার কথা মুখ্যমন্ত্রীর। সেখান থেকে গাড়িতে তারাপীঠ মন্দিরে যাবেন তিনি। মন্দিরে মা তারার পুজো দেওয়ার পর রামপুরহাটের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে তাঁর। সেখানে গিয়ে প্রয়াত প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। স্বজনহারা পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাঁদের সঙ্গে কথা বলবেন শুভেন্দু। এরপর রক্তকরবী মঞ্চে প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। বীরভূম সফরের আগে মুখ্যমন্ত্রীর যাত্রাপথ এবং কর্মসূচির জায়গাগুলিতে প্রস্তুতিও প্রায় শেষ। রাস্তার দু’ধারে বিভিন্ন জায়গায় ব্যানার ও ফ্লেক্স লাগানো হয়েছে। তারাপীঠ মন্দির চত্বরেও শুরু হয়েছে বিশেষ সাফাই অভিযান।
মুখ্যমন্ত্রীর এই সফরে যাতে কোনও ফাঁক না থাকে, তাই কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। পুলিশ সূত্রে খবর, জেলা পুলিশের পাশাপাশি পাশের জেলা থেকেও অতিরিক্ত পুলিশ বাহিনী আনার ব্যবস্থা করা হয়েছে। স্বাভাবিকভাবেই তাঁর সফরের প্রতিটি কর্মসূচির দিকেই নজর রয়েছে রাজ্যবাসীর। বিশেষ করে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী কী নির্দেশ দেন এবং জেলার সাম্প্রতিক ঘটনাগুলি নিয়ে তাঁর কি মতামত, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন