গত ১৭ জুলাই মুর্শিদাবাদের কর্ণসুবর্ণে ভয়াবহ রেল দুর্ঘটনায় ৪ শিশু-সহ ৫ জনের মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ গোটা রাজ্য। সেই দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে বৃহস্পতিবার কর্ণসুবর্ণে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সভামঞ্চে ওঠার আগেই তিনি সোজা মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন। তাঁদের কথা শোনেন, সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে সবরকম সহযোগিতার আশ্বাস দেন।
সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, “ছোট ছোট ফুলের মতো বাচ্চাগুলো যেভাবে প্রাণ হারিয়েছে, তার জন্য দুঃখ প্রকাশের ভাষা নেই। অর্থ দিয়ে এই ক্ষতি কখনও পূরণ করা সম্ভব নয়। আমার ব্যক্তিগতভাবে চোখের জল ছাড়া আর কিছু দেওয়ার নেই। তবে সরকারের দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব আমরা পালন করছি।” এদিন নিহতদের পরিবারের হাতে রাজ্যের তরফে আর্থিক সাহায্যও তুলে দেওয়া হয়। দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “প্রাথমিক তদন্তে রেল ও পুলিশ জানিয়েছে, গেটম্যানের দায়িত্বজ্ঞানহীনতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এই অপরাধ ক্ষমার অযোগ্য। আমি কথা দিচ্ছি, দোষীর কঠোরতম শাস্তি নিশ্চিত করা হবে।”
উল্লেখ্য, গত ১৭ জুলাই কর্ণসুবর্ণে রেলগেট খোলা থাকা অবস্থাতেই দ্রুতগতির ট্রেন একটি পুলকার ও একটি সাইকেলকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ৪ শিশু-সহ ৫ জনের মৃত্যু হয় এবং গুরুতর জখম হন আরও কয়েকজন। তদন্তে উঠে আসে, অভিযুক্ত গেটম্যান নেশাগ্রস্ত অবস্থায় কর্তব্যে গাফিলতি করেছিলেন বলে অভিযোগ। ঘটনার দিনই তাঁকে সাসপেন্ড করা হয় এবং পরে বহরমপুর থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন