মুম্বই: দেশের শিক্ষাব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে যখন দিল্লির রাজপথে বিনিদ্র রজনী কাটাচ্ছেন পড়ুয়ারা, তখন বলিউডের প্রথম সারির তারকাদের নীরবতা নিয়ে উঠছিল হাজারো প্রশ্ন। শাসকদলের পদক্ষেপে মুখ না খোলায় ইতিমধ্যেই সমালোচনার মুখে পড়েছেন খান, কাপুর থেকে বচ্চন পরিবারের সদস্যরা।
প্রধানমন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের প্রতিবাদে মৌলালিতে বিজেপির বিক্ষোভ
শাহরুখ থেকে আমির— গোটা বলিউড যখন স্পিকটি নট, ঠিক তখনই ছক ভেঙে পথে নামা পড়ুয়াদের পাশেই দাঁড়ালেন বলিউডের ‘ভাইজান’। তবে শুধু সমর্থনই নয়, নিজের ছাত্রজীবনের একটি সাদাকালো ছবি পোস্ট করে আন্দোলনকারীদের জন্য দিলেন এক কড়া সতর্কবার্তাও! সলমন খানের এই পদক্ষেপ দেখে নেটপাড়ায় এখন একটাই রব, ‘টাইগার অভি জিন্দা হ্যায়’।
বুধবার গভীর রাতে সোশাল মিডিয়ায় পড়ুয়াদের এই আন্দোলন নিয়ে দীর্ঘ পোস্ট করেন সলমন। জুলাইয়ের গোড়া থেকেই নিট কেলেঙ্কারি এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের নেতৃত্বে দিল্লির যন্তর-মন্তরে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন পড়ুয়ারা। টানা পঁচিশ দিন ধরে চলা এই আন্দোলন গত সোমবার ‘সংসদ চলো’ অভিযানে গিয়ে চরম নাটকীয় মোড় নেয়। আন্দোলনকারীদের রুখতে পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও জলকামানের আঘাতে আহত হন বহু শিক্ষার্থী। সেই প্রসঙ্গ টেনেই সলমন তাঁর পোস্টে লেখেন, শান্তিপূর্ণ আন্দোলন শেষ পর্যন্ত যেভাবে সহিংস রূপ নিল, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আহত শিক্ষার্থী ও তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সুপারস্টার স্পষ্ট বলেন, প্রশ্নপত্র ফাঁস শিক্ষাব্যবস্থার এক অত্যন্ত গুরুতর সমস্যা। তবে উন্নত শিক্ষার দাবিতে দেশের পড়ুয়ারা যেভাবে একজোট হয়েছেন এবং অভিভাবকরাও তাঁদের পাশে দাঁড়িয়েছেন, তা তাঁকে আনন্দ দিচ্ছে। সলমনের কথায়, কঠোর পড়াশোনা করে উন্নত ভারত গড়ার ক্ষেত্রে এই প্রজন্মের একাগ্রতা আগামী দিনে দেশকে গর্বিত করবে। তিনি এও জানান যে, পড়ুয়াদের এই প্রতিবাদের পথই একদম সঠিক।
পড়ুয়াদের অদম্য সাহসের প্রশংসা করার পাশাপাশি এই আন্দোলন নিয়ে ফয়দা লোটা রাজনৈতিক দলগুলিকেও কড়া বার্তা দিয়েছেন ভাইজান। তাঁর স্পষ্ট বক্তব্য, এই লড়াই সম্পূর্ণভাবে শিক্ষার্থী এবং দেশের শিক্ষাব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত। একে কোনওভাবেই রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা ঠিক নয়। এর সম্পূর্ণ কৃতিত্ব কেবল পড়ুয়াদেরই প্রাপ্য বলে মনে করেন তিনি। সরকারও পড়ুয়াদের পূর্ণ সহায়তা করে শিক্ষাব্যবস্থাকে আরও মজবুত করবে বলে আশাপ্রকাশ করেছেন অভিনেতা।
তাঁর প্রার্থনা, এমন এক দিন আসুক যখন বিদেশ থেকে মানুষ ভারতে পড়তে আসবেন এবং এই দেশ এক আন্তর্জাতিক ‘এডুকেশন্যাল হাব’-এ পরিণত হবে। শাবানা আজমি, অপর্ণা সেন, অনুরাগ কাশ্যপ, অরিজিৎ সিংদের মতো বিশিষ্টদের পর এবার সলমনের এই বলিষ্ঠ বার্তা আন্দোলনকারী পড়ুয়াদের নিঃসন্দেহে বাড়তি অক্সিজেন জোগাল।
বিষয় : SALMAN KHAN BOLLYWOODUPDATE NEETProtest

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন