নয়াদিল্লিঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের কাছে থাকা তিনটি বস্তি খালি করার নির্দেশ দিল দিল্লি হাই কোর্ট। মঙ্গলবার আদালত জানিয়েছে, আগামী ছ’সপ্তাহের মধ্যে ওই এলাকাগুলি খালি করে দিতে হবে। পাশপাশি সেখানে বসবাসকারী পরিবারগুলিকে সরকার নির্ধারিত পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তর করতে হবে।
প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। লোক কল্যাণ মার্গের কাছে থাকা বিআর ক্যাম্প, মসজিদ ক্যাম্প এবং ডিআইডি কলোনির তিনটি বস্তি খালি করতে হবে বলে জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে না হলে পুলিশের সাহায্যে উচ্ছেদ অভিযান চালানো হবে বলেও জানানো হয়েছে। তবে একইসঙ্গে পুনর্বাসনের ব্যবস্থাও করার নির্দেশ দিয়েছে আদালত। বস্তিবাসীদের সাভদা ঘেভরা এলাকায় দিল্লি আরবান শেল্টার ইমপ্রুভমেন্ট বোর্ড বা ডিইউএসআইবি-র কলোনিতে থাকার ব্যবস্থা করতে হবে। নতুন জায়গায় পানীয় জল, বিদ্যুৎ-সহ প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধা আছে কি না তাও নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, কয়েক মাস আগেই কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের অধীন ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের তরফে উচ্ছেদের নোটিস দেওয়া হয়েছিল। আগামী ৬ মার্চের মধ্যে পরিবারগুলিকে নির্ধারিত পুনর্বাসন কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময়সীমার মধ্যে তাঁরা জায়গা খালি করেননি। এরপর বিষয়টি আদালতে গড়ায়। মঙ্গলবার সেই মামলাতেই ছ’সপ্তাহের নতুন সময়সীমা বেঁধে দিল দিল্লি হাই কোর্ট।
বিষয় : PM Narendra Modi Delhi High Court

বুধবার, ২৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন