কাঠমাণ্ডু: প্রবল হড়পা বানে বিপর্যস্ত নেপাল। ভয়াবহ বিপর্যয়ের জেরে ভেসে গিয়েছে একাধিক ঘরবাড়ি, সেতু এবং রাস্তাঘাট। নিখোঁজ রয়েছেন বহু পর্যটক। তাঁদের মধ্যে রয়েছেন শতাধিক ভারতীয়ও। এমন পরিস্থিতিতে সবরকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি।
সমাজমাধ্যমে মোদী জানান, ‘‘নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে আমি কথা বলেছি। সেখানকার হড়পা বান এবং বন্যায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের জন্য সমবেদনা জানিয়েছি। এই কঠিন সময়ে নেপালের ভাইবোনেদের পাশে রয়েছে ভারত। নেপালে সম্ভাব্য সমস্ত রকম মানবিক সাহায্য প্রদানে প্রস্তত আমরা। উদ্ধারকাজে আমাদের দল সহায়তা করছে।’’ যত দ্রুত সম্ভব নেপালে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। বিপর্যয়ের পরিস্থিতি নিয়ে নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে নয়াদিল্লি। এই পরিস্থিতিতে নেপালে আটকে পড়েছেন বহু ভারতীয় পর্যটক। তাঁদের মধ্যে রয়েছেন কৈলাস-মানস সরোবর দর্শনে যাওয়া পর্যটকরাও। ভারতীয় নাগরিকদের সুবিধার্থে দুটি জরুরি নম্বর প্রকাশ করেছে বিদেশ মন্ত্রক। নেপালে থাকা ভারতীয়রা +৯৭৭৯৮৫১৩১৬৮০৭ এবং +৯৭৭৯৭০৯১০৭৫০০ নম্বরে যোগাযোগ করতে পারবেন বলে জানা গিয়েছে।
বুধবার সকালে নেপালের রাসুয়া জেলার ভোটেকোশী নদীতে আচমকাই হড়পা বান আসে। কয়েক সেকেন্ডের মধ্যেই নদীর জল ও কাদার প্রবল স্রোত আশপাশের এলাকায় ঢুকে পড়ে। নেপালের পর্যটন পর্ষদের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ২৯১ জন বিদেশি-সহ অন্তত ৩৮৪ জন পর্যটকের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁদের মধ্যে ১৪২ জন ভারতীয় নাগরিক রয়েছেন, যার মধ্যে ৩৭ জন অনাবাসী ভারতীয়।
বিষয় : Narendra Modi Nepal Balendra Shah Flash Flood

বুধবার, ২৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন