উত্তর দিনাজপুরঃ নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে সমাজমাধ্যমে কুরুচিকর ও অসম্মানজনক মন্তব্যের অভিযোগে কড়া পদক্ষেপ নিল রাজ্য পুলিশ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পরেই তৎপরতা শুরু হয় পুলিশের। ইতিমধ্যেই দায়ের হয়েছে ছয়টি এফআইআর। গ্রেফতার করা হয়েছে এক যুবককে।
জানা গিয়েছে, ধৃতের নাম কিরণকুমার দাস। অভিযোগ, সমাজমাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আপত্তিকর মন্তব্য পোস্ট করেছিলেন তিনি। বিষয়টি প্রকাশ্যে আসতেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি সমাজমাধ্যম থেকে নেতাজিকে নিয়ে অবমাননাকর ১০৮টি পোস্ট সরানো হয়েছে বলেও খবর। বিতর্কের সূত্রপাত সম্প্রতি বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের নেতাজিকে নিয়ে একটি মন্তব্যকে ঘিরে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, “যারা সোশ্যাল মিডিয়ায় নেতাজি নিয়ে অপমানজনক, মিথ্যা, অপপ্রচার করার দুঃসাহস দেখিয়েছেন। পুলিশকে তাদের গ্রেপ্তারের নির্দেশ দিচ্ছি। অবিলম্বে ক্ষমা চেয়ে পোস্ট করতে হবে। অসম্মানজনক পোস্ট ডিলিট করতে হবে। তবে ডিলিট করে দিলেই যে তিনি ছাড় পাবেন তা নয়। পুলিশ নির্দিষ্ট নিয়মানুযায়ী ব্যবস্থা নেবে।” অনন্ত মহারাজের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে কি না, সেই প্রশ্নের জবাবে কারও নাম না করে তিনি জানান, “আইন সকলের জন্য সমান।”
এরপরই শুরু হয় পুলিশি তৎপরতা। ছয়টি এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়েছে। উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানার ঝাড়বাড়ি এলাকার বাসিন্দা কিরণকুমার দাসকে গ্রেফতার করা হয়েছে। ইসলামপুর পুলিশ সুপার রাকেশ সিং জানিয়েছেন, ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হবে।
বিষয় : CM Suvendu Adhikari Netaji

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন