উত্তর ২৪ পরগনাঃ জন্মদিনের আনন্দের বদলে পরিবারে নেমে এল শোকের ছায়া। ১৮ বছরে পা দেওয়ার দিনই মর্মান্তিক পরিণতি হল হাবড়ার এক তরুণের। উত্তর ২৪ পরগনার হাবড়ার জিওলডাঙা এলাকার ঘটনায় মৃত্যু হয়েছে শাকিল মণ্ডল ওরফে রাজার।
পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার ছিল রাজার জন্মদিন। ছুটির দিনে সকালে বন্ধুদের সঙ্গে পাড়ার মাঠে ফুটবল খেলতে গিয়েছিলেন তিনি। বাড়ি ফিরতে কিছুটা দেরি হওয়ায় মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয়। এরপর খাওয়াদাওয়া করে নিজের ঘরে চলে যান রাজা। কিছুক্ষণ পর মা ছেলেকে ডাকতে গেলে কোনও সাড়া পাননি। দরজা ভিতর থেকে বন্ধ থাকায় পরিবারের অন্য সদস্যদেরও সন্দেহ হয়। বারবার ডাকাডাকির পরেও দরজা না খোলায় শেষ পর্যন্ত দরজা ভেঙে ঘরে ঢোকেন তাঁরা। সেখানেই রাজার অচেতন দেহ দেখতে পাওয়া যায়। তড়িঘড়ি তাঁকে হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।
পরিবারের সদস্যদের কথায়, রাজার জন্ম হয়েছিল বিকেল ৪টে নাগাদ। তাঁর ১৮তম জন্মদিনেও প্রায় একই সময়েই এই মর্মান্তিক ঘটনা ঘটে। এমন ঘটনায় শোকস্তব্ধ পরিবার ও স্থানীয়রা। তবে ঠিক কী কারণে এমন ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়।

সোমবার, ১৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন