সুপ্রিম কোর্টের নির্দেশের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশে চিকিৎসার মামলা নিয়ে তৎপর কলকাতা হাই কোর্ট। বুধবারই মামলাটি শুনানির ইচ্ছা প্রকাশ করেছে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ।
সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, সুপ্রিম কোর্ট এক সপ্তাহের মধ্যে মামলার নিষ্পত্তির নির্দেশ দিয়েছে। তাই বুধবারই এই মামলার শুনানি করতে চায় আদালত। তার আগে মামলার সঙ্গে যুক্ত দু'পক্ষের আইনজীবীদের বক্তব্য জানার জন্যই তাঁদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে বিদেশে গিয়ে চোখের চিকিৎসার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টে আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে সেই আবেদন প্রাথমিকভাবে খারিজ করে দেওয়া হয়। আদালতের মত ছিল, এখনই বিদেশ যাত্রায় অনুমতি দেওয়া যাবে না। প্রথমে কলকাতার কোনও বিশেষজ্ঞ হাসপাতালে চিকিৎসা করানো হোক। এসএসকেএম-এ একটি মেডিক্যাল বোর্ড গঠন করে অভিষেকের শারীরিক অবস্থা পরীক্ষা করা যেতে পারে। সেই বোর্ড যদি জানায়, বিদেশে চিকিৎসা ছাড়া বিকল্প নেই, তাহলে বিষয়টি নিয়ে ভেবে দেখা যেতে পারে।
এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ নির্দেশ দেয়, কলকাতা হাই কোর্টকে এক সপ্তাহের মধ্যে মামলার শুনানি শেষ করে সিদ্ধান্ত জানাতে হবে। সেই নির্দেশ মেনেই বুধবারই দ্রুত শুনানির প্রস্তুতি নিচ্ছে হাই কোর্ট।
বিষয় : Abhishek Banerjee Calcutta High Court

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন