আসানসোল: অষ্টপ্রহর হরিনাম সংকীর্তনের মতো ধর্মীয় আসরকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটল আসানসোলে। কুলটি বিধানসভা এলাকার আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ধেমোমেনে আয়োজিত সংকীর্তনে আসানসোল পুরনিগমের ৫৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সঞ্জয় নোনিয়া উপস্থিত হতেই বাঁধে বিপত্তি। স্থানীয়দের একাংশ তাঁকে ও তাঁর অনুগামীদের লক্ষ্য করে আচমকা ইটবৃষ্টি শুরু করে বলে অভিযোগ। পাল্টা সঞ্জয়ের অনুগামীরাও প্রতিরোধ গড়ে তুললে দু’পক্ষের মধ্যে ব্যাপক মারামারি ও ধস্তাধস্তি শুরু হয়, যার জেরে ইটের আঘাতে রক্তাক্ত হন বেশ কয়েকজন।
প্রাক্তন কাউন্সিলরের দাবি, আয়োজকদের তরফ থেকে তিনি ওই অনুষ্ঠানে আমন্ত্রিত হিসেবেই গিয়েছিলেন; কিন্তু কোনওরকম প্ররোচনা ছাড়াই উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধর্মীয় অনুষ্ঠান পণ্ড করতে তাঁদের ওপর হামলা চালানো হয়েছে। অন্যদিকে বিক্ষোভকারী অংশের দাবি, দুর্নীতিগ্রস্ত নেতাদের উপস্থিতি মেনে নিতে না পেরেই সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়েন। উল্লেখ্য, মাসখানেক আগেই বিজেপির একটি সংবর্ধনা সভাকে কেন্দ্র করে তৃণমূল নেতা রোহিত নোনিয়া ও তাঁর পুত্র সঞ্জয়ের সঙ্গে বিজেপি কর্মীদের সংঘর্ষ হয়েছিল, যেখানে উভয় পক্ষের বেশ কয়েকজন জখম হন। সম্প্রতি তাঁরা আদালত থেকে জামিন পেয়ে ছাড়া পান। আয়োজকদের বক্তব্য, গত তিন দশক ধরে তাঁরা এই পরিবারকে আমন্ত্রণ জানিয়ে আসছেন, তবে রবিবারের এমন অপ্রত্যাশিত ঘটনায় এলাকা উত্তপ্ত হয়ে ওঠায় দ্রুত বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও বিশৃঙ্খলাকারীদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
হিডেন স্টোরিজ নিউজ

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন